×
ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

মেয়ে বলিউডের তারকা, মা প্রত্যন্ত বিদ্যুৎহীন গ্রামে

২০২৬ সেপ্টেম্বর ২২ ১১:০৪:১৩
মেয়ে বলিউডের তারকা, মা প্রত্যন্ত বিদ্যুৎহীন গ্রামে

নিজস্ব প্রতিবেদক: বলিউডের অন্যতম পরিচিত অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। বড় বাজেটের সিনেমা, তারকাখ্যাতি ও ঝলমলে জীবনযাপনের কারণে দীর্ঘদিন ধরেই আলোচনায় তিনি। তবে ক্যাটরিনার ব্যক্তিগত জীবনের একটি দিক অনেকের কাছেই বেশ চমকপ্রদ। অভিনেত্রীর মা সুজান টারকোট দীর্ঘদিন ধরে ভারতের তামিলনাড়ুর প্রত্যন্ত একটি এলাকায় থেকে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য কাজ করছেন।

ক্যাটরিনার মায়ের জীবনযাপন মেয়ের তারকাখচিত জীবনের চেয়ে অনেকটাই আলাদা। শহরের ব্যস্ততা ও বিনোদনজগতের আলো থেকে দূরে থেকে তিনি গ্রামাঞ্চলের শিশুদের শিক্ষা ও উন্নয়নের সঙ্গে যুক্ত রয়েছেন। স্থানীয় দরিদ্র পরিবারের শিশুদের পড়াশোনার সুযোগ করে দেওয়ার পাশাপাশি তাদের নিরাপত্তা ও স্বাস্থ্য নিয়েও কাজ করছেন তিনি।

সুজানের এই উদ্যোগের শুরু ২০০৮ সালের দিকে। সে সময় লন্ডনে থাকার পর তিনি তামিলনাড়ুর একটি প্রত্যন্ত এলাকায় এসে স্থানীয় একটি স্বেচ্ছাসেবী উদ্যোগের সঙ্গে যুক্ত হন। গ্রামাঞ্চলের আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবারের শিশুদের শিক্ষার সুযোগ তৈরি করাই ছিল তাঁর মূল লক্ষ্য।

প্রথম দিকে অল্পসংখ্যক শিশুকে নিয়ে বিনামূল্যে পড়াশোনার ব্যবস্থা করা হয়। পাঁচ বছরের কম বয়সী প্রায় ৩০ শিশুকে নিয়ে নার্সারি পর্যায়ের একটি শিক্ষা কার্যক্রম শুরু হয়েছিল। আশপাশের গ্রামের দরিদ্র পরিবারের শিশুরাই মূলত সেখানে পড়াশোনার সুযোগ পেত।

সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সেই ছোট উদ্যোগের পরিধি বাড়তে থাকে। নার্সারি পর্যায়ের কার্যক্রম ধীরে ধীরে একটি স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানে রূপ নেয়। পরে সেখানে প্রাথমিক শিক্ষার ব্যবস্থাও চালু করা হয়। শুধু পড়াশোনা নয়, শিশুদের স্বাস্থ্য, নিরাপত্তা ও সামগ্রিক বিকাশের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

২০১৫ সালে সেখানে ‘মাউন্টেন ভিউ’ নামে একটি স্কুল চালু করা হয়। বর্তমানে স্কুলটিতে ৩০০-এর বেশি শিক্ষার্থী পড়াশোনা করছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। প্রত্যন্ত এলাকার সুবিধাবঞ্চিত শিশুদের জন্য প্রতিষ্ঠানটি শিক্ষা গ্রহণের একটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করেছে।

মায়ের এই কাজ নিয়ে বিভিন্ন সময় কথা বলেছেন ক্যাটরিনা কাইফ। অভিনেত্রীর ভাষ্য অনুযায়ী, তার মা মাদুরাই এলাকায় থাকেন এবং সেখানেই শিশুদের জন্য স্কুল পরিচালনার সঙ্গে যুক্ত। তিনি নিজেও শিক্ষাদানের কাজে অংশ নেন।

ক্যাটরিনা জানিয়েছেন, মায়ের কাছ থেকেই তিনি মানুষের জন্য কাজ করার অনুপ্রেরণা পেয়েছেন। মায়ের আশীর্বাদ ও ভালো কাজের প্রভাব তার নিজের জীবনেও রয়েছে বলে মনে করেন অভিনেত্রী।

তবে প্রত্যন্ত এলাকায় থাকার কারণে সুজানের দৈনন্দিন জীবনও বেশ কিছু সীমাবদ্ধতার মধ্যে কাটে। ক্যাটরিনার বক্তব্য অনুযায়ী, সেখানে অনেক সময় বিদ্যুৎ থাকে না। ইন্টারনেট সংযোগও সবসময় নিরবচ্ছিন্ন নয়। ফলে মেয়ের সঙ্গে নিয়মিত ভিডিও কলে কথা বলা সম্ভব হয় না। অনেক সময় সাধারণ মোবাইল ফোন কলের মাধ্যমেই তাদের যোগাযোগ করতে হয়।

এমনকি প্রযুক্তিগত সুবিধার সীমাবদ্ধতার মধ্যেও শিশুদের নিয়ে কাজ চালিয়ে যাচ্ছেন সুজান। শিক্ষা কার্যক্রমের পাশাপাশি কয়েকজন শিশুর ব্যক্তিগত দায়িত্বও নিয়েছেন তিনি। ক্যাটরিনার বক্তব্য অনুযায়ী, দাতব্য কার্যক্রমের মাধ্যমে আটটি শিশুর দেখাশোনা ও লালন-পালনের দায়িত্ব নিয়েছেন তার মা।

ক্যাটরিনার তারকাখ্যাতির বিপরীতে তার মায়ের এই জীবনযাপন ও দীর্ঘদিনের সামাজিক উদ্যোগ তাই আলাদা করে আলোচনায় এসেছে। একদিকে বলিউডের ব্যস্ত অভিনেত্রীর ঝলমলে জীবন, অন্যদিকে প্রত্যন্ত এলাকার শিশুদের নিয়ে মায়ের দীর্ঘদিনের কাজ—দুই ভিন্ন বাস্তবতার এই গল্পই নতুন করে সামনে এসেছে।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে