×
ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

সেপ্টেম্বরে পুরোনো স্কেলেই বেতন, বকেয়া তিন মাসের টাকা যেভাবে পাবেন

২০২৬ সেপ্টেম্বর ২২ ১০:০৩:২৩
সেপ্টেম্বরে পুরোনো স্কেলেই বেতন, বকেয়া তিন মাসের টাকা যেভাবে পাবেন

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ প্রতীক্ষার পর নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া এগিয়ে যাচ্ছে। নতুন বেতন কাঠামো অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন নির্ধারণের পুরো প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে। শিগগিরই আইবাস প্লাস প্লাসে প্রবেশ করে সরকারি চাকরিজীবীরা নতুন বেতন নির্ধারণ বা ‘পে ফিক্সেশন’ করতে পারবেন।

তবে নতুন বেতন কাঠামো কার্যকর হওয়ার পরও সেপ্টেম্বর মাসের বেতন-ভাতা আপাতত জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ীই সাবমিট করতে হবে। নতুন স্কেলে পে ফিক্সেশন ও সংশ্লিষ্ট যাচাই-অনুমোদনের প্রক্রিয়া শেষ হওয়ার পর জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর—এই তিন মাসের বেতন পার্থক্য বকেয়া হিসেবে হিসাব করে সমন্বয় করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

অর্থ বিভাগের নির্দেশনা অনুযায়ী, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আইবাস প্লাস প্লাসের ‘পে ফিক্সেশন’ অপশনে গিয়ে প্রয়োজনীয় তথ্য দিতে হবে। গেজেটেড কর্মকর্তারা নিজস্ব ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে সিস্টেমে প্রবেশ করবেন। আর নন-গেজেটেড কর্মচারীরা জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) নম্বর ও জন্মতারিখ দিয়ে প্রবেশ করতে পারবেন। এরপর নিবন্ধিত মোবাইল নম্বরে পাঠানো ওটিপির মাধ্যমে পরিচয় যাচাই করে পে ফিক্সেশনের কার্যক্রম সম্পন্ন করতে হবে। বিদেশে অবস্থানরত সরকারি কর্মচারীদের ক্ষেত্রে নিবন্ধিত ই-মেইলে ওটিপি পাঠানোর ব্যবস্থাও রাখা হয়েছে।

পে ফিক্সেশনের আগে চাকরির রেকর্ডে থাকা জন্মতারিখের সঙ্গে এনআইডিতে থাকা জন্মতারিখ মিলিয়ে নিতে হবে। দুই জায়গায় তথ্যের অমিল থাকলে সংশ্লিষ্ট তথ্য সংশোধন করার পর পে ফিক্সেশনের আবেদন করতে হবে। প্রয়োজনীয় তথ্য দেওয়ার পর ডিডিওর কাছে সাবমিট করার আগেই সিস্টেমে নতুন কাঠামো অনুযায়ী নির্ধারণযোগ্য মূল বেতন দেখা যাবে।

তথ্য সাবমিট করার পর সংশ্লিষ্ট সরকারি কর্মচারীর নিবন্ধিত মোবাইল নম্বরে এসএমএস পাঠানো হবে। একই সঙ্গে পে ফিক্সেশনের তথ্য সংশ্লিষ্ট ড্রইং অ্যান্ড ডিসবার্সিং অফিসার (ডিডিও)-এর কাছে পৌঁছে যাবে।

এরপর ডিডিও তথ্য যাচাই করে বেতন নির্ধারণী বিবরণী সংশ্লিষ্ট হিসাবরক্ষণ অফিসে পাঠাবেন। হিসাবরক্ষণ কর্মকর্তা অনলাইনে তথ্য যাচাই ও অনুমোদন করলে সিস্টেম থেকেই স্বয়ংক্রিয়ভাবে একটি ভেরিফিকেশন নম্বর তৈরি হবে। ফলে বেতন নির্ধারণের জন্য হিসাবরক্ষণ কর্মকর্তার ম্যানুয়াল স্বাক্ষরের প্রয়োজন হবে না।

তবে অনুমোদিত নতুন বেতন ও ভেরিফিকেশন নম্বর সার্ভিস বহিতে লিপিবদ্ধ করতে হবে। এ ক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার স্বাক্ষর প্রয়োজন হবে।

অর্থ বিভাগের নির্দেশনা অনুযায়ী, নতুন পে-স্কেল ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর ধরা হলেও সেপ্টেম্বর মাসের বেতন পুরোনো জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী পরিশোধ করা হবে। পে ফিক্সেশন, ডিডিওর যাচাই এবং হিসাবরক্ষণ অফিসের অনুমোদন সম্পন্ন হওয়ার পর নতুন কাঠামো অনুযায়ী বেতন নির্ধারণ করা হবে।

নতুন বেতন নির্ধারণের পর জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর মাসে পুরোনো স্কেলে পাওয়া বেতন এবং নতুন স্কেলে প্রাপ্য বেতনের মধ্যে যে পার্থক্য থাকবে, তা বকেয়া হিসেবে হিসাব করা হবে। পরবর্তী সময়ে ওই তিন মাসের বেতন পার্থক্য সমন্বয়ের মাধ্যমে সরকারি কর্মচারীদের পাওনা পরিশোধ করা হবে।

এ ছাড়া পে ফিক্সেশনের সময় কোনো কর্মচারীর বেতন ভুলক্রমে কম বা বেশি নির্ধারিত হলে পরবর্তী সময়ে তা সংশোধন ও সমন্বয় করা যাবে। অনলাইন পে ফিক্সেশন সংক্রান্ত বিস্তারিত নির্দেশিকা আইবাস প্লাস প্লাসের লগইন পেজ, অর্থ বিভাগ, হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় (সিজিএ) এবং সংশ্লিষ্ট পে ফিক্সেশন ওয়েবসাইটে পাওয়া যাবে।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে