×
ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

নগদ ও আইএফআইসি ব্যাংকের নতুন চুক্তি

২০২৬ সেপ্টেম্বর ২১ ১৮:৩৭:২৩
নগদ ও আইএফআইসি ব্যাংকের নতুন চুক্তি

নিজস্ব প্রতিবেদক: মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ লিমিটেডের গ্রাহক, এজেন্ট, ডিস্ট্রিবিউটর ও মার্চেন্টদের জন্য ডিজিটাল সঞ্চয় ও ঋণসেবা চালুর সম্ভাবনা যাচাই করতে আইএফআইসি ব্যাংকের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে নগদ।

সোমবার (২১ সেপ্টেম্বর) রাজধানীর পুরানা পল্টনে আইএফআইসি ব্যাংকের প্রধান কার্যালয়ে এ সমঝোতা স্মারক সই হয়। অনুষ্ঠানে আইএফআইসি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও প্রধান তথ্য কর্মকর্তা (সিআইও) মো. মনিতুর রহমান, চিফ অব ব্রাঞ্চ বিজনেস হেলাল আহমেদ এবং নগদ লিমিটেডের চিফ কমার্শিয়াল অফিসার মোহাম্মদ শাহীন সারোয়ার ভূঁইয়া নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। এ সময় দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সমঝোতা অনুযায়ী, নগদ অ্যাপ ও এজেন্ট অ্যাপের মাধ্যমে আইএফআইসি ব্যাংকের ডিপোজিট পেনশন স্কিম (ডিপিএস) এবং ফিক্সড ডিপোজিট (এফডি) হিসাব খোলার সুযোগ চালু করা যায় কি না, তা যৌথভাবে যাচাই করবে দুই প্রতিষ্ঠান। এর ফলে ভবিষ্যতে নগদের ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে গ্রাহকদের ব্যাংকের বিভিন্ন সঞ্চয়পণ্য গ্রহণের সুযোগ তৈরি হতে পারে।

একই সঙ্গে নগদ অ্যাপের মাধ্যমে যোগ্য গ্রাহকদের আইএফআইসি ব্যাংকের বিভিন্ন ঋণপণ্য এবং ডিজিটাল ঋণ দেওয়ার সম্ভাবনাও যাচাই করা হবে। নগদের এজেন্ট, ডিস্ট্রিবিউটর ও মার্চেন্টদের জন্য আইএফআইসি ব্যাংকের ঋণসুবিধা ব্যবহার করে অর্থায়নের সুযোগ তৈরির বিষয়টিও সমঝোতার আওতায় রাখা হয়েছে।

আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা বলেন, এ অংশীদারত্বের মাধ্যমে দেশের বিপুলসংখ্যক গ্রাহকের কাছে ব্যাংকের সঞ্চয় ও ঋণসেবা আরও সহজে পৌঁছে দেওয়ার সুযোগ তৈরি হতে পারে। নগদের বিস্তৃত ডিজিটাল নেটওয়ার্ক ব্যবহার করে ডিজিটাল পদ্ধতিতে ঋণ ও আমানতসেবা দেওয়ার নতুন সুযোগ খুঁজে দেখা হবে বলেও জানান তিনি।

অন্যদিকে নগদের প্রশাসক (বিপিও-নগদ) মো. মোতাছিম বিল্লাহ বলেন, সারা দেশে নগদের তিন লাখের বেশি উদ্যোক্তার নেটওয়ার্ক রয়েছে। এই বিস্তৃত নেটওয়ার্কের মাধ্যমে ব্যাংকের বিভিন্ন সেবা দেশজুড়ে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে নগদ সহায়ক ভূমিকা রাখতে পারে।

দুই প্রতিষ্ঠানের সমঝোতার আওতায় প্রস্তাবিত ব্যবসায়িক ক্ষেত্রগুলোর সম্ভাব্যতা, কার্যকর ব্যবসায়িক মডেল এবং বাস্তবায়নের সুযোগ যৌথভাবে যাচাই ও মূল্যায়ন করা হবে। অর্থাৎ, সমঝোতা স্মারক সই হলেও প্রস্তাবিত সব সেবা ইতোমধ্যে চালু হয়েছে—এমন নয়; বরং সেবাগুলো চালুর সম্ভাবনা ও কার্যকর পদ্ধতি যাচাই করা হবে।

উল্লেখ্য, ২০২১ সালের মার্চ থেকে ‘অ্যাড মানি’ সেবার ক্ষেত্রে আইএফআইসি ব্যাংকের সঙ্গে যুক্ত রয়েছে নগদ। এ সেবার মাধ্যমে আইএফআইসি ব্যাংকের হিসাব থেকে নগদ ওয়ালেটে টাকা যোগ করতে পারেন গ্রাহকেরা।

নতুন সমঝোতার মাধ্যমে বিদ্যমান সহযোগিতার পরিধি আরও বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে ভবিষ্যতে আইএফআইসি ব্যাংকের ব্যাংকিং ও ঋণসেবাগুলো নগদের গ্রাহক, এজেন্ট, ডিস্ট্রিবিউটর ও মার্চেন্টদের ডিজিটাল প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত করার সুযোগ তৈরি হতে পারে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে