ঢাকা, শনিবার, ২২ আগস্ট ২০২৬

শেয়ারবাজারে টানা পতনের চাপ, কমল বাজার মূলধন ও লেনদেন

২০২৬ আগস্ট ২২ ১৬:২০:২২
শেয়ারবাজারে টানা পতনের চাপ, কমল বাজার মূলধন ও লেনদেন

নিজস্ব প্রতিবেদক : দেশের শেয়ারবাজারে গত সপ্তাহে টানা পতনের প্রভাব পড়েছে বাজার মূলধন, মূল্যসূচক ও লেনদেনে। পাঁচ কার্যদিবসের মধ্যে চারদিনই মূল্যসূচক কমেছে। একই সময়ে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমায় প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন এক সপ্তাহের ব্যবধানে ৩ হাজার ৮০৩ কোটি টাকা কমেছে। পাশাপাশি কমেছে দৈনিক গড় লেনদেনের পরিমাণও। সপ্তাহজুড়ে প্রধান মূল্যসূচকেরও বড় পতন হয়েছে।

সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা যায়, গত সপ্তাহে ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে মাত্র ৫২টির শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৩১৪টি প্রতিষ্ঠানের। আর ১৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত ছিল।

দাম কমার প্রবণতার কারণে সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৩ হাজার ৮১২ কোটি টাকা। আগের সপ্তাহের শেষ কার্যদিবসে এ মূলধন ছিল ৭ লাখ ৭ হাজার ৬১৫ কোটি টাকা। ফলে এক সপ্তাহে ডিএসইর বাজার মূলধন কমেছে ৩ হাজার ৮০৩ কোটি টাকা।

বাজার মূলধনের পাশাপাশি গত সপ্তাহে ডিএসইর প্রধান মূল্যসূচকেও বড় পতন হয়েছে। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স সপ্তাহে ৯৭ দশমিক ৮৩ পয়েন্ট বা ১ দশমিক ৬৬ শতাংশ কমেছে। এর আগের সপ্তাহে সূচকটি ২২ দশমিক ৯৫ পয়েন্ট বা দশমিক ৩৯ শতাংশ বেড়েছিল।

অন্যদিকে, শরিয়াহভিত্তিক কোম্পানিগুলো নিয়ে গঠিত ডিএসই শরিয়াহ সূচকও গত সপ্তাহে উল্লেখযোগ্য হারে কমেছে। সপ্তাহজুড়ে সূচকটি ২১ দশমিক ০৩ পয়েন্ট বা ১ দশমিক ৭৯ শতাংশ হারিয়েছে। এর আগের সপ্তাহে এই সূচক কমেছিল ৩ দশমিক ৫৬ পয়েন্ট বা দশমিক ৩০ শতাংশ।

বাছাই করা ভালো কোম্পানিগুলো নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচকও গত সপ্তাহে নিম্নমুখী ছিল। সপ্তাহের ব্যবধানে সূচকটি ৩০ দশমিক ২১ পয়েন্ট বা ১ দশমিক ৩৮ শতাংশ কমেছে। অথচ এর আগের সপ্তাহে ডিএসই-৩০ সূচক দশমিক ৮৮ পয়েন্ট বা দশমিক ০৪ শতাংশ বেড়েছিল।

এদিকে, মূল্যসূচক ও বাজার মূলধনের পাশাপাশি গত সপ্তাহে ডিএসইতে লেনদেনের গতিও কমেছে। পাঁচ কার্যদিবসে প্রতিদিন গড়ে ৯০৫ কোটি ৭১ লাখ টাকার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে দৈনিক গড় লেনদেনের পরিমাণ ছিল ৯৯৭ কোটি ৫৬ লাখ টাকা।

অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে ডিএসইতে দৈনিক গড় লেনদেন ৯১ কোটি ৮৫ লাখ টাকা বা ৯ দশমিক ২১ শতাংশ কমেছে। ফলে বাজারের সামগ্রিক সূচক ও মূলধন কমার পাশাপাশি বিনিয়োগকারীদের অংশগ্রহণেও কিছুটা মন্থরতা দেখা দিয়েছে।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে