ঢাকা, শনিবার, ২২ আগস্ট ২০২৬

রাষ্ট্রপতি হতেই শূন্য হলো মির্জা ফখরুলের আসন

২০২৬ আগস্ট ২২ ১৫:৫৬:০৬
রাষ্ট্রপতি হতেই শূন্য হলো মির্জা ফখরুলের আসন

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য পদ হারিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংবিধানের বিধান অনুযায়ী তাঁর সংসদীয় আসনটি শূন্য ঘোষণা করেছে জাতীয় সংসদ সচিবালয়।

শনিবার (২২ আগস্ট) জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের আইন প্রণয়ন শাখা-২-এর সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়ার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতীয় সংসদের নির্বাচনী এলাকা ৩, ঠাকুরগাঁও-১ থেকে নির্বাচিত ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার (২১ আগস্ট) বাংলাদেশের রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন। ফলে সংবিধানের ৫০(৪) অনুচ্ছেদ অনুযায়ী দায়িত্ব গ্রহণের তারিখ থেকেই তাঁর সংসদীয় আসনটি শূন্য হয়েছে।

রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর সাংবিধানিকভাবেই সংসদ সদস্য পদে থাকার সুযোগ না থাকায় ঠাকুরগাঁও-১ আসনটি এখন শূন্য হিসেবে গণ্য হবে।

এদিকে শূন্য ঘোষিত আসনটি বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশের জন্য তাৎক্ষণিকভাবে সরকারি মুদ্রণালয়ে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ওই আসনে উপনির্বাচনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রজ্ঞাপনের একটি অনুলিপি নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিবের কাছেও পাঠানো হয়েছে।

প্রজ্ঞাপনের অনুলিপি মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়, জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকারের কার্যালয় এবং বিরোধীদলীয় নেতার কার্যালয়সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরেও পাঠানো হয়েছে। এসব দপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অবহিত করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে বিজয়ী হন। নির্বাচিত হওয়ার পর শুক্রবার সন্ধ্যায় তিনি দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন।

সিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে