ঢাকা, মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

৭৫ হাজার পর্যন্ত কৃষিঋণ পুরো মওকুফের ঘোষণা

২০২৬ আগস্ট ১৮ ১২:৪০:২১
৭৫ হাজার পর্যন্ত কৃষিঋণ পুরো মওকুফের ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: কৃষকদের জন্য বড় ধরনের ঋণ মওকুফের ঘোষণা দিয়েছেন ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়। সমবায় ব্যাংক থেকে নেওয়া ৭৫ হাজার রুপি পর্যন্ত কৃষিঋণ পুরোপুরি মওকুফ করা হবে। আর ৭৫ হাজার থেকে ১ লাখ রুপি পর্যন্ত ঋণের ক্ষেত্রে সর্বোচ্চ ৭৫ হাজার রুপি পর্যন্ত ছাড় দেওয়া হবে।

ভারতের সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস ও পিটিআই-এর বরাতে এ তথ্য জানা গেছে।

সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে বিধানসভায় দেওয়া বক্তব্যে কৃষকদের জন্য এই ঋণ মওকুফের ঘোষণা দেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, আর্থিক সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও টিভিকে সরকার কৃষকদের জন্য অতিরিক্ত ৯৫৩ কোটি ৬ লাখ রুপি সহায়তা দেবে।

নতুন ঘোষণায় কৃষকদের ঋণ মওকুফের সীমা এভাবে নির্ধারণ করা হয়েছে—

৭৫ হাজার রুপি পর্যন্ত ঋণ: ১০০ শতাংশ মওকুফ

৭৫ হাজার থেকে ১ লাখ রুপি পর্যন্ত: সর্বোচ্চ ৭৫ হাজার রুপি মওকুফ

১ লাখ রুপির বেশি ঋণ: সর্বোচ্চ ৩৫ হাজার রুপি মওকুফ

বিজয় বলেন, দায়িত্ব নেওয়ার ১৫ দিনের মধ্যেই তামিলনাড়ু সরকার ৫০ হাজার রুপি পর্যন্ত কৃষিঋণ মওকুফ করেছিল। পরে এই সুবিধা বাড়িয়ে ৭৫ হাজার রুপি পর্যন্ত ঋণ পুরোপুরি মওকুফ এবং ৭৫ হাজার রুপির বেশি ঋণের ক্ষেত্রে ৩৫ হাজার রুপি পর্যন্ত মওকুফের সিদ্ধান্ত নেওয়া হয়।

পিটিআইয়ের তথ্য অনুযায়ী, আগের সিদ্ধান্তে ১৪ লাখ ৪৪ হাজারের বেশি কৃষক উপকৃত হয়েছেন।

নতুন ঘোষণার ফলে আরও বেশি কৃষক ঋণ মওকুফের সুবিধার আওতায় আসবেন বলে আশা করছে সরকার।

তামিলনাড়ু সরকারের এই সিদ্ধান্তকে রাজ্যের কৃষকদের জন্য উল্লেখযোগ্য আর্থিক সহায়তা হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি কৃষকদের ঋণের চাপ কমাতে এ উদ্যোগ ভূমিকা রাখতে পারে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে