ঢাকা, বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

জন্মতারিখ সংশোধনে সহজ হলো প্রক্রিয়া, তবে থাকছে বিশেষ শর্ত

২০২৬ আগস্ট ১৩ ১১:৩২:০৩
জন্মতারিখ সংশোধনে সহজ হলো প্রক্রিয়া, তবে থাকছে বিশেষ শর্ত

নিজস্ব প্রতিবেদক: জন্মতারিখ, নিজের নাম এবং পিতা-মাতার নাম সংশোধনের ক্ষেত্রে নতুন নিয়ম চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। অনলাইনে যাচাইযোগ্য জেএসসি, মাধ্যমিক বা সমমানের শিক্ষা সনদের ভিত্তিতে জন্মতারিখ সংশোধনের আবেদন এখন মাঠপর্যায়ের নির্দিষ্ট কর্মকর্তারা নিষ্পত্তি করতে পারবেন।

তবে নিজের নাম ও পিতা-মাতার নামের সম্পূর্ণ পরিবর্তন এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সনদ অনুযায়ী জন্মতারিখ সংশোধনের আবেদন মহাপরিচালক পর্যায়ে নিষ্পত্তি করতে হবে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (অপারেশন্স) মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক পরিপত্রে এসব নির্দেশনা দেওয়া হয়।

পরিপত্র অনুযায়ী, অনলাইনে যাচাইযোগ্য জেএসসি, মাধ্যমিক বা সমমানের শিক্ষা সনদের ভিত্তিতে জন্মতারিখ সংশোধনের আবেদন ‘ক’ ক্যাটাগরিভুক্ত হবে। এসব আবেদন সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন কর্মকর্তা, সিনিয়র জেলা বা জেলা নির্বাচন কর্মকর্তা এবং এনআইডি উইংয়ের সহকারী পরিচালক, উপপরিচালক ও পরিচালকরা নিষ্পত্তি করতে পারবেন।

তবে শিক্ষা সনদের পাশাপাশি প্রয়োজনীয় অন্যান্য প্রমাণপত্র বা দলিল গ্রহণের ক্ষেত্রে বিদ্যমান স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (SOP) অনুসরণ করতে হবে। এ ক্ষেত্রে ২০২৫ সালের ২৪ ডিসেম্বরের সংশ্লিষ্ট প্রজ্ঞাপন অনুসরণ করার নির্দেশ দেওয়া হয়েছে।

অনুমোদন বা বাতিলে CMS-এ নোট বাধ্যতামূলক

নতুন নির্দেশনায় বলা হয়েছে, সংশোধনের আবেদন ইলেকট্রনিকভাবে অনুমোদন বা বাতিল করার সময় কেস ম্যানেজমেন্ট সিস্টেমে (CMS) অবশ্যই নোট দিতে হবে।

এ ছাড়া আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের অধীনস্থ কর্মকর্তাদের কার্যক্রম নিয়মিত মনিটরিং করতে বলা হয়েছে।

প্রতি মাসে দ্বৈবচয়নের ভিত্তিতে প্রত্যেক নিষ্পত্তিকারী কর্মকর্তার অন্তত তিনটি আবেদন সঠিকভাবে নিষ্পত্তি হয়েছে কি না, তা যাচাই করতে হবে। এ বিষয়ে নির্ধারিত ছক অনুযায়ী প্রতিবেদন তৈরি করে পরিচালক (অপারেশন্স)-এর ইন্টারনাল অ্যাকাউন্টে পাঠাতে হবে।

পরিপত্রে বলা হয়েছে, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সনদের ভিত্তিতে জন্মতারিখ সংশোধনের আবেদন মহাপরিচালক পর্যায়ে নিষ্পত্তি করতে হবে।

একইভাবে জন্মতারিখের পাশাপাশি নিজের নাম এবং পিতা বা মাতার নামের সম্পূর্ণ পরিবর্তনের আবেদনও মহাপরিচালক পর্যায়ে নিষ্পত্তিযোগ্য হবে।

দ্বিতীয়বার সংশোধনের সুযোগ থাকবে না

নতুন নিয়মে আরও একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। জন্মতারিখ, নিজের নাম এবং পিতা-মাতার নামের সম্পূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে একই ফিল্ডে দ্বিতীয়বার সংশোধনের সুযোগ থাকবে না।

নির্বাচন কমিশন সংশ্লিষ্ট কর্মকর্তাদের নতুন নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দিয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে