ঢাকা, বুধবার, ৫ আগস্ট ২০২৬

জাকারবার্গকে ৩ দিনের আলটিমেটাম ভারতের

২০২৬ আগস্ট ০৫ ১৫:১৬:৩৯
জাকারবার্গকে ৩ দিনের আলটিমেটাম ভারতের

নিজস্ব প্রতিবেদক: ফেসবুকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ভিডিও সাময়িকভাবে ব্লক হওয়ার ঘটনায় মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গকে তিন দিনের মধ্যে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলেছে ভারতের সংসদের যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক স্থায়ী কমিটি।

একই সঙ্গে ভিডিওটি সরানোর জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছে কমিটি। অন্যথায় ফেসবুকের ‘সেফ হারবার’ সুরক্ষা প্রত্যাহারের বিষয়টি বিবেচনা করা হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, বিজেপি সংসদ সদস্য নিশিকান্ত দুবের নেতৃত্বাধীন সংসদীয় কমিটি মোদির ভিডিও সাময়িকভাবে ব্লক করাকে ‘গণতন্ত্রের ওপর আঘাত’ হিসেবে উল্লেখ করেছে। তাদের দাবি, এটি ভারতের নির্বাচিত প্রধানমন্ত্রীর বক্তব্য প্রচারে বাধা সৃষ্টি করেছে।

সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, তিন দিনের মধ্যে নির্দেশনা বাস্তবায়ন না হলে মোদি সরকার ফেসবুকের ‘সেফ হারবার’ সুরক্ষা প্রত্যাহারের বিষয়টি বিবেচনা করতে পারে। এ ধরনের সিদ্ধান্ত কার্যকর হলে প্ল্যাটফর্মে প্রকাশিত বিভিন্ন কনটেন্টের জন্য মেটা ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের আইনি দায়বদ্ধতা উল্লেখযোগ্যভাবে বেড়ে যেতে পারে।

ঘটনার সূত্রপাত গত ২৩ জুলাই। ওই দিন নরেন্দ্র মোদির একটি ভিডিও প্রথমে ইনস্টাগ্রামে প্রকাশ করা হয়। পরে সেটি ফেসবুকে শেয়ার করলে কিছু সময়ের জন্য ব্লক হয়ে যায়। সেলফি ভিডিওর আদলে ধারণ করা ওই বার্তায় মোদি শিক্ষার্থীদের বিক্ষোভের মধ্যে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় কঠোর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

পরবর্তীতে মেটা ভিডিওটি পুনরায় চালু করে। এর আগে চলতি সপ্তাহে এ ঘটনায় মেটার কর্মকর্তাদের তলব করে জিজ্ঞাসাবাদ করে সংসদীয় কমিটি। সে সময় প্রতিষ্ঠানটি ক্ষমা প্রকাশ করে জানায়, কারিগরি ত্রুটির কারণেই ভিডিওটি সাময়িকভাবে ব্লক হয়েছিল।

তবে ভারতের ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় মেটার এই ব্যাখ্যায় সন্তুষ্ট নয়। মন্ত্রণালয়ের মতে, যদি এটি সত্যিই প্রযুক্তিগত ত্রুটির কারণে হয়ে থাকে, তাহলে ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে মেটাকে তাদের প্রযুক্তিগত অবকাঠামো আরও শক্তিশালী করতে হবে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে