ঢাকা, রবিবার, ২ আগস্ট ২০২৬

তসলিমার অনুষ্ঠানে জয় গোস্বামীকে ঘিরে তুমুল বিতর্ক

২০২৬ আগস্ট ০২ ১৫:৪৬:৩৩
তসলিমার অনুষ্ঠানে জয় গোস্বামীকে ঘিরে তুমুল বিতর্ক

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিন পর কলকাতায় ফিরেছেন বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন। শনিবার রবীন্দ্রসদনে অনুষ্ঠিত তার কবিতা পাঠের অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে মঞ্চে ডাকেন প্রখ্যাত কবি জয় গোস্বামীকে। তবে তিনি মঞ্চে উঠতেই দর্শকদের একাংশের আপত্তিতে অনুষ্ঠানস্থলে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। একপর্যায়ে জয় গোস্বামী মঞ্চ ছেড়ে চলে যান।

ঘটনার পর বিষয়টি নিয়ে নিজের হতাশা প্রকাশ করেছেন তসলিমা নাসরিন। তিনি বলেন, জয় গোস্বামীকে যেভাবে মঞ্চ থেকে নেমে যেতে হয়েছে, তা তাকে বিস্মিত করেছে। একই সঙ্গে এ ঘটনায় নিজের অস্বস্তি ও অসন্তোষের কথাও প্রকাশ করেন তিনি।

তসলিমার ভাষ্য, যাদের সঙ্গে তিনি ওই মঞ্চে বসেছিলেন, তাদের অনেকের মতাদর্শের সঙ্গে তিনি একমত নন। তবুও একসঙ্গে বসতে তার কোনো সমস্যা হয়নি। তার মতে, প্রত্যেকের নিজস্ব মত প্রকাশের অধিকার রয়েছে এবং সেটিই স্বাভাবিক গণতান্ত্রিক চর্চা।

ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, তিনি নিজেই জয় গোস্বামীকে মঞ্চে আসার আমন্ত্রণ জানিয়েছিলেন। কিন্তু জয় মঞ্চে উঠতে শুরু করতেই দর্শকদের একটি অংশ তার বিরোধিতা করে এবং মঞ্চ থেকে নেমে যাওয়ার দাবি তোলে। পরিস্থিতি বিবেচনায় জয় গোস্বামী মঞ্চের এক পাশ দিয়ে উঠে অন্য পাশ দিয়ে নেমে যান।

জয় গোস্বামীকে আমন্ত্রণ জানানোর কারণও ব্যাখ্যা করেন তসলিমা নাসরিন। তিনি বলেন, মতাদর্শে ভিন্নতা থাকলেও জয় গোস্বামী বাংলা ভাষার একজন বিশিষ্ট ও শ্রদ্ধেয় কবি। ভালোবাসা ও সম্মান থেকেই তাকে মঞ্চে আমন্ত্রণ জানিয়েছিলেন। তসলিমা আরও জানান, জয় গোস্বামী তাকে নিয়ে কবিতা লিখেছেন এবং একটি বইও উৎসর্গ করেছেন, যদিও তারা ভিন্ন মতের মানুষ। তার ভাষায়, জয় গোস্বামী মঞ্চে থাকলে তিনি আনন্দিতই হতেন।

এদিকে, ভারতীয় কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, রবীন্দ্রসদনের এই ঘটনা আবারও দেখিয়ে দিল যে পশ্চিমবঙ্গে ভিন্ন মতকে মর্যাদা দেওয়ার সংস্কৃতি এখনও পুরোপুরি প্রতিষ্ঠিত হয়নি। তাদের মতে, শনিবারের ঘটনাটি রাজ্যের সামাজিক ও সাংস্কৃতিক পরিসরে মতের ভিন্নতা গ্রহণ করার মানসিকতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

সিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে