ঢাকা, রবিবার, ২ আগস্ট ২০২৬

দুবাই কারামুক্তির পর নতুন গন্তব্য খুঁজছেন বেনজীর

২০২৬ আগস্ট ০২ ১৫:১৭:৩৬
দুবাই কারামুক্তির পর নতুন গন্তব্য খুঁজছেন বেনজীর

নিজস্ব প্রতিবেদক: দুবাইয়ে কারাগার থেকে শর্তসাপেক্ষ জামিনে মুক্তি পাওয়ার পর বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ ইউরোপের একটি দেশে যাওয়ার চেষ্টা করছেন বলে তার পারিবারিক সূত্র জানিয়েছে। রোববার (২ আগস্ট) ওই সূত্রের বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করেছে কালবেলা।

জানা গেছে, গত বৃহস্পতিবার (৩০ জুলাই) প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর কারাগার থেকে মুক্তি পান বেনজীর আহমেদ। এর আগে ২৭ জুলাই সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) সংশ্লিষ্ট আদালত তার জামিন আবেদন মঞ্জুর করেন।

বেনজীর আহমেদের পারিবারিক সূত্রের দাবি, তিনি বর্তমানে দুবাই থেকে ইউরোপের একটি দেশে যাওয়ার চেষ্টা করছেন। তবে কোন দেশে যাওয়ার পরিকল্পনা রয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

তবে আদালতের আরোপিত শর্ত অনুযায়ী, বেনজীর আহমেদের দুবাই ত্যাগের অনুমতি নেই। পাশাপাশি তার পাসপোর্টও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা রয়েছে। ফলে ইউরোপে যাওয়ার বিষয়টি কীভাবে সম্ভব হবে, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

এদিকে বেনজীরের জামিনে মুক্তির বিষয়ে ঢাকায় পুলিশ সদরদপ্তরের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি)-ইন্টারপোল শাখা কোনো তথ্য জানে না বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। রোববার দুপুর পর্যন্ত এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কেউ মন্তব্য করতে রাজি হননি।

সংশ্লিষ্ট সূত্রগুলোর তথ্য অনুযায়ী, বাংলাদেশ সরকারের পাঠানো প্রত্যর্পণসংক্রান্ত নথি এবং সংশ্লিষ্ট আইনি বিষয় নিয়ে দুবাইয়ের আদালতে উভয় পক্ষের শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আদালত শর্তসাপেক্ষে বেনজীর আহমেদকে জামিন দেওয়ার সিদ্ধান্ত দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলার পরিপ্রেক্ষিতে দুবাইয়ে গ্রেপ্তার হন সাবেক এই আইজিপি। দুবাই পুলিশের সহায়তা এবং আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের সহযোগিতায় তাকে আটক করা হয়। পরে গত ১২ জুন এক চিঠির মাধ্যমে বাংলাদেশ কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করে দুবাই পুলিশ।

অবৈধ সম্পদ অর্জন, অর্থপাচারসহ একাধিক অভিযোগে বেনজীর আহমেদের বিরুদ্ধে তদন্ত করছে দুদক। সেই তদন্তের ধারাবাহিকতায় আন্তর্জাতিক পর্যায়েও তার বিরুদ্ধে বিভিন্ন আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।

বেনজীর আহমেদ ২০২০ সালের ১৫ এপ্রিল থেকে ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ঢাকা মহানগর পুলিশের কমিশনার এবং র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক ছিলেন। ২০২১ সালের ডিসেম্বরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্র র‍্যাবের সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করলে সেই তালিকায় তার নামও অন্তর্ভুক্ত ছিল।

২০২৪ সালে গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের কয়েক মাস আগে বেনজীর আহমেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রকাশ্যে আসে। এরপর দুদক তদন্ত শুরু করলে তিনি দেশ ত্যাগ করেন। পরবর্তীতে তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয় এবং আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়।

উল্লেখ্য, গত বছরের ১০ ফেব্রুয়ারি বেনজীর আহমেদের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন আদালত।

সিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে