ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬

সৌরজগতের কাছেই মিলল লুকিয়ে থাকা ৪ নতুন নক্ষত্র

২০২৬ জুলাই ২৯ ১৪:৫৮:৫৯
সৌরজগতের কাছেই মিলল লুকিয়ে থাকা ৪ নতুন নক্ষত্র

নিজস্ব প্রতিবেদক: মহাবিশ্বের অজানা রহস্য উন্মোচনে আরেকটি গুরুত্বপূর্ণ সাফল্য পেয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে সৌরজগতের কাছাকাছি অবস্থান করা চারটি নতুন শ্বেত বামন (হোয়াইট ডোয়ার্ফ) নক্ষত্র শনাক্ত করেছেন তারা। এতদিন এসব নক্ষত্র তাদের সঙ্গী লাল বামন (রেড ডোয়ার্ফ) নক্ষত্রের তীব্র আলোর আড়ালে লুকিয়ে থাকায় শনাক্ত করা সম্ভব হয়নি।

গবেষণাটি অক্সফোর্ড একাডেমি-তে প্রকাশিত হয়েছে। এতে বলা হয়েছে, নতুন শনাক্ত হওয়া শ্বেত বামনগুলো জি ২০৩–৪৭, জিজে ২০৭.১, এলএইচএস ১৮১৭ এবং উলফ ১১৩০ নামের চারটি বাইনারি বা দ্বৈত নক্ষত্র ব্যবস্থায় রয়েছে। প্রতিটি শ্বেত বামন তার সঙ্গী লাল বামন নক্ষত্রকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে।

গবেষকরা হাবল স্পেস টেলিস্কোপের স্পেস টেলিস্কোপ ইমেজিং স্পেকট্রোগ্রাফ (STIS) ব্যবহার করে অতিবেগুনি (আল্ট্রাভায়োলেট) রশ্মি বিশ্লেষণের মাধ্যমে নক্ষত্রগুলো শনাক্ত করেন। কারণ শ্বেত বামন নক্ষত্র তাদের সঙ্গী লাল বামনের তুলনায় অনেক বেশি অতিবেগুনি রশ্মি নির্গত করে, যা তাদের আলাদা করে চিহ্নিত করতে সহায়তা করেছে।

বিজ্ঞানীদের মতে, নতুন আবিষ্কৃত চারটি শ্বেত বামনের তাপমাত্রা ৫ হাজার ৩০০ থেকে ৬ হাজার ৩০০ কেলভিন। তুলনামূলকভাবে শীতল হওয়ায় প্রচলিত পর্যবেক্ষণ পদ্ধতিতে এগুলো শনাক্ত করা কঠিন ছিল। শুধু দৃশ্যমান আলো দিয়ে পর্যবেক্ষণ করলে এদের প্রকৃত তাপমাত্রার তুলনায় ৫ থেকে ৮ শতাংশ বেশি মনে হতে পারে।

গবেষণার সবচেয়ে উল্লেখযোগ্য আবিষ্কার জি ২০৩–৪৭। এটি পৃথিবী থেকে মাত্র ৭ দশমিক ৬ পারসেক দূরে অবস্থিত। গত দুই দশক ধরে এ নক্ষত্র ব্যবস্থায় একটি শ্বেত বামন থাকার সন্দেহ থাকলেও এবারই প্রথম তার নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া গেল। এর ফলে এটি সৌরজগতের সবচেয়ে কাছের শ্বেত বামন নক্ষত্রগুলোর তালিকায় নবম স্থান দখল করেছে।

গবেষকদের ধারণা, আশপাশের লাল বামন নক্ষত্রগুলো আরও বিস্তারিতভাবে পর্যবেক্ষণ করা হলে সৌরজগতের আশপাশে আরও ৯ থেকে ১০টি লুকিয়ে থাকা শ্বেত বামন নক্ষত্রের সন্ধান মিলতে পারে। নতুন এই আবিষ্কার মহাবিশ্বে নক্ষত্রের বিবর্তন এবং আমাদের মহাজাগতিক প্রতিবেশ সম্পর্কে আরও গভীর ধারণা দিতে সহায়ক হবে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিজ্ঞান ও প্রযুক্তি এর সর্বশেষ খবর

বিজ্ঞান ও প্রযুক্তি - এর সব খবর



রে