ঢাকা, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

সাহসী তৎপরতায় যেভাবে ভেস্তে গেল ছিনতাইকারীদের পরিকল্পনা

২০২৬ জুলাই ২৮ ১১:০৯:০২
সাহসী তৎপরতায় যেভাবে ভেস্তে গেল ছিনতাইকারীদের পরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরায় চলন্ত বাসে এক নারীর মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। তবে স্থানীয়দের দ্রুত তৎপরতা এবং এক মোটরসাইকেলচালকের সাহসী উদ্যোগে অল্প সময়ের মধ্যেই ফোনটি উদ্ধার করা সম্ভব হয়। এ ঘটনায় সন্দেহভাজন তিন নারীকে আটক করে র‍্যাব-১-এর কাছে হস্তান্তর করা হয়েছে।

সোমবার (২৭ জুলাই) উত্তরার ৬ নম্বর সেক্টরে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হাসপাতালে যাওয়ার উদ্দেশ্যে এক নারী বাস থেকে নামার পর তার ব্যাগের চেইন খোলা দেখতে পান। পরে ব্যাগে থাকা মোবাইল ফোনটি খুঁজে না পেয়ে তিনি বুঝতে পারেন সেটি ছিনতাই হয়েছে। এ সময় বাসে থাকা সন্দেহভাজন তিন নারী কৌশলে ফোনটি নিয়ে দ্রুত আরেকটি বাসে উঠে পড়েন বলে অভিযোগ ওঠে।

ঘটনাটি আশপাশের লোকজনের নজরে এলে এক মোটরসাইকেলচালক ছিনতাইকারীদের বহনকারী বাসটির পিছু নেন। কিছু দূর যাওয়ার পর বাসটি থামিয়ে যাত্রীদের সহযোগিতায় তল্লাশি চালানো হয়। একপর্যায়ে ভুক্তভোগীর মোবাইল ফোনটি উদ্ধার করা সম্ভব হয় এবং পরে সেটি তার কাছে ফিরিয়ে দেওয়া হয়।

এ সময় ক্ষুব্ধ জনতা সন্দেহভাজন তিন নারীকে বাস থেকে নামিয়ে মারধর শুরু করে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে র‍্যাব-১-কে খবর দেওয়া হয়। পরে র‍্যাবের একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং জনতার হাত থেকে তিন নারীকে উদ্ধার করে হেফাজতে নেয়।

প্রত্যক্ষদর্শীদের একজন জানান, ছিনতাইকারীরা সাধারণত দলবদ্ধভাবে কাজ করে। একজন মোবাইল বা মূল্যবান জিনিস নিয়ে দ্রুত অন্যজনের কাছে হস্তান্তর করে, ফলে মূল ছিনতাইকারীকে শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।

র‍্যাব-১-এর এক কর্মকর্তা বলেন, “তিনজন নারীকে আটক করা হয়েছে। জনতাই তাদের ধরে আমাদের কাছে দিয়েছে। ভুক্তভোগী মামলা করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, অভিযোগের বিষয়ে তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে