ঢাকা, সোমবার, ২৭ জুলাই ২০২৬

বিএসইসির নজরদারির খবরে চাঙ্গা বাজার, সূচকের বড় উল্লম্ফন

২০২৬ জুলাই ২৭ ১৪:৪৫:২৮
বিএসইসির নজরদারির খবরে চাঙ্গা বাজার, সূচকের বড় উল্লম্ফন

নিজস্ব প্রতিবেদক : টানা পতনের ধারা কাটিয়ে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৭ জুলাই) দেশের শেয়ারবাজার আবারও ঊর্ধ্বমুখী প্রবণতায় ফিরেছে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব সূচকের পাশাপাশি টাকার অঙ্কে লেনদেনও বেড়েছে। একই সঙ্গে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বৃদ্ধি পেয়েছে, যা বিনিয়োগকারীদের মধ্যে ইতিবাচক মনোভাবের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।

বাজারসংশ্লিষ্টদের মতে, নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) বাজারের উন্নয়ন ও স্থিতিশীলতা নিশ্চিত করতে ধারাবাহিকভাবে ইতিবাচক উদ্যোগ গ্রহণ করছে। নতুন কমিশন দায়িত্ব নেওয়ার পর থেকে বিভিন্ন সংস্কারমূলক পদক্ষেপ বাজারে আস্থা ফিরিয়ে আনতে ভূমিকা রাখছে। এরই ধারাবাহিকতায় বাজার তদারকি জোরদারের অংশ হিসেবে ১০০টি ব্রোকারেজ হাউস পরিদর্শনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে গতকাল গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সোমবার লেনদেনের শুরু থেকেই বাজারে ক্রয়চাপ দেখা যায় এবং দিনের শেষ পর্যন্ত সেই ঊর্ধ্বমুখী ধারা বজায় থাকে। এর ফলে বিনিয়োগকারীদের অংশগ্রহণও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। বাজারসংশ্লিষ্টদের আশা, চলতি সপ্তাহে এই ইতিবাচক ধারা অব্যাহত থাকলে প্রধান সূচক ৬ হাজার পয়েন্ট অতিক্রম করতে পারে এবং গড় লেনদেনও নতুন উচ্চতায় পৌঁছাতে পারে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, সোমবার ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৫৫ দশমিক ৪০ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৮৩৯ দশমিক ৭৭ পয়েন্টে অবস্থান করছে। একই সঙ্গে ডিএসইএস সূচক ১১ দশমিক ২৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৮৮ দশমিক ৫৮ পয়েন্টে। অপরদিকে ডিএসই-৩০ সূচক ১৫ দশমিক ৩৫ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ২ হাজার ২০১ দশমিক ৫৬ পয়েন্টে পৌঁছেছে।

এদিন ডিএসইতে মোট ৩৯১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ২৯৯টি প্রতিষ্ঠানের দর বেড়েছে, ৫৩টির দর কমেছে এবং ৩৯টির দর অপরিবর্তিত রয়েছে।

লেনদেনের পরিমাণও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সোমবার ডিএসইতে মোট প্রায় ৭৮০ কোটি ৬৩ লাখ টাকা মূল্যের শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল প্রায় ৬৮৯ কোটি ১৮ লাখ টাকা। ফলে এক দিনের ব্যবধানে লেনদেন বেড়েছে প্রায় ৯১ কোটি ৪৫ লাখ টাকা।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সোমবার মোট ১৬ কোটি ৬৬ লাখ টাকা মূল্যের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে যার পরিমাণ ছিল ৫ কোটি ১৫ লাখ টাকা।

সিএসইতে এদিন লেনদেনে অংশ নেওয়া ২৩২টি প্রতিষ্ঠানের মধ্যে ১৪৫টির শেয়ার ও ইউনিটের দর বেড়েছে, ৬২টির দর কমেছে এবং ২৫টির দর অপরিবর্তিত রয়েছে।

এদিকে, সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই ১২৫ দশমিক ৭৬ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৬০৪ দশমিক ১৪ পয়েন্টে অবস্থান করছে। উল্লেখ্য, আগের কার্যদিবসে এই সূচক ১৪১ দশমিক ৯১ পয়েন্ট কমেছিল।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে