ঢাকা, সোমবার, ২৭ জুলাই ২০২৬

কপাল ভালো ৪০তম বিসিএসে উনি ক্যাডার, আমি নন-ক্যাডার 

২০২৬ জুলাই ২৭ ১১:০৪:৪২
কপাল ভালো ৪০তম বিসিএসে উনি ক্যাডার, আমি নন-ক্যাডার 

নিজস্ব প্রতিবেদক: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ‘খ’ ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী ভূমি কর্মকর্তা ইমরান শেখের বিরুদ্ধে সেবাগ্রহীতার কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। এ-সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে ইমরান শেখের দাবি, ভিডিওতে যে টাকা নেওয়ার দৃশ্য দেখা যাচ্ছে, সেটি ঘুষের টাকা নয়; বরং ধার দেওয়া টাকা ফেরত নেওয়ার সময় ভিডিওটি ধারণ করা হয়েছে।

রোববার বিকেলে দুই মিনিট ২২ সেকেন্ডের ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, সাতৈর ইউনিয়নের এক ব্যক্তির কাছ থেকে অফিসের চেয়ারে বসে টাকা নিচ্ছেন ইমরান শেখ। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সম্পর্কেও মন্তব্য করতে শোনা যায় তাকে।

ভিডিওতে ইমরান শেখকে বলতে শোনা যায়, ‘উনিও চল্লিশতম বিসিএস, আমিও চল্লিশতম বিসিএস। উনার কপাল ভালো, উনি ক্যাডার হয়েছেন, আর আমি নন-ক্যাডার হয়েছি।’

এ বিষয়ে জানতে চাইলে ইমরান শেখ বলেন, ভিডিওতে নেওয়া টাকা ঘুষের নয়। তিনি দাবি করেন, অনেক মানুষ তাঁর কাছ থেকে টাকা ধার নেন এবং পরে তা ফেরত দেন। ওই টাকা ফেরত নেওয়ার সময় ভিডিওটি ধারণ করা হয়েছে।

তবে কার কাছে তিনি টাকা ধার দিয়েছিলেন এবং ভিডিওতে টাকা ফেরত দেওয়া ব্যক্তির পরিচয় কী—এ বিষয়ে কোনো তথ্য দিতে রাজি হননি ইমরান শেখ।

এ বিষয়ে বক্তব্য জানতে বোয়ালমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিব্বির আহমেদের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রকিবুল হাসান বলেন, এর আগে তিনি সরেজমিনে ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শনে গিয়ে ইমরান শেখকে না পেয়ে শোকজ করেছিলেন। টাকা নেওয়ার অভিযোগ তদন্তে সত্য প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে