ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬

রাস্তায় ধাওয়া, পরে মারধর—বনি আমিনকে ঘিরে ভাইরাল ভিডিওতে চাঞ্চল্য

২০২৬ জুলাই ২২ ১৬:০৯:৩২
রাস্তায় ধাওয়া, পরে মারধর—বনি আমিনকে ঘিরে ভাইরাল ভিডিওতে চাঞ্চল্য

নিজস্ব প্রতিবেদক: সামাজিক যোগাযোগমাধ্যমের পরিচিত মুখ ও কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর ইতালির রাজধানী রোমে একদল যুবকের হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

জানা গেছে, মঙ্গলবার (২১ জুলাই) রাতে রোমের তরপিনাতারা আবাসিক এলাকায় ঘটনাটি ঘটে। তবে হামলার সুনির্দিষ্ট কারণ এবং এতে জড়িত ব্যক্তিদের পরিচয় এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, রাতের বেলায় এক ব্যক্তি বনি আমিনকে জাপটে ধরে আক্রমণাত্মক আচরণ করছেন। সেখান থেকে নিজেকে ছাড়িয়ে দৌড়ে সরে যাওয়ার চেষ্টা করলে কয়েকজন তাকে ধাওয়া করেন। পরে রাস্তার পাশে পার্ক করা একটি গাড়ির সামনে তাকে মাটিতে ফেলে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়।

ভিডিওতে হামলাকারীদের বাংলায় চিৎকার করতে এবং অশালীন ভাষা ব্যবহার করতে শোনা যায়। তাদের কথাবার্তায় বাংলাদেশি আঞ্চলিক উচ্চারণও লক্ষ করা গেছে। একই সঙ্গে ভিডিওতে কয়েকজনকে বনি আমিনকে ‘মৌলবাদী’ বলে সম্বোধন করতে এবং একে অপরকে হামলায় উৎসাহিত করতে শোনা যায়।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটি নিয়ে বিভিন্ন ধরনের দাবি ছড়িয়ে পড়েছে। কেউ কেউ দাবি করছেন, ঘটনার সময় বনি আমিন মদ্যপ ছিলেন, আবার কেউ রাজনৈতিক মতপার্থক্যকে হামলার কারণ হিসেবে উল্লেখ করছেন। তবে এসব দাবির কোনোটি এখন পর্যন্ত স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি এবং ইতালির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি।

নোয়াখালীর হাতিয়া উপজেলার জন্মগ্রহণকারী বনি আমিন বর্তমানে অস্ট্রেলিয়ার নাগরিক। ভ্রমণবিষয়ক কনটেন্ট নির্মাতা হিসেবে বিশ্বের ৮০টিরও বেশি দেশ ভ্রমণের অভিজ্ঞতা তিনি নিয়মিত সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরেন। পাশাপাশি সমসাময়িক সামাজিক ও রাজনৈতিক নানা বিষয়েও তিনি নিয়মিত মতামত প্রকাশ করে থাকেন।

বিদেশের মাটিতে একজন বাংলাদেশি বংশোদ্ভূত কনটেন্ট ক্রিয়েটরের ওপর হামলার অভিযোগের ভিডিও প্রকাশের পর প্রবাসী বাংলাদেশি কমিউনিটিসহ সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই ঘটনার নিন্দা জানিয়েছেন। একই সঙ্গে হামলার প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।

এ বিষয়ে এখন পর্যন্ত ইতালির পুলিশ বা বনি আমিনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি। ফলে ঘটনার প্রকৃত কারণ ও পটভূমি জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের দিকেই নজর রয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে