ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬

২০২৭ হজের বেসরকারি প্যাকেজ ঘোষণা

২০২৬ জুলাই ২২ ১৬:০১:১৬
২০২৭ হজের বেসরকারি প্যাকেজ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: আগামী হজ মৌসুমকে সামনে রেখে বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালনের জন্য তিনটি প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। গত বছরের তুলনায় এবার তিনটি প্যাকেজেই ব্যয় বেড়েছে।

বুধবার (২২ জুলাই) রাজধানীর বিজয়নগরের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে হাবের মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার নতুন প্যাকেজগুলোর বিস্তারিত তুলে ধরেন।

তিনি জানান, এবারও বেসরকারি ব্যবস্থাপনায় বিশেষ, সাধারণ ও সাশ্রয়ী—এই তিন ধরনের হজ প্যাকেজ রাখা হয়েছে। প্যাকেজগুলোর মধ্যে খাওয়া ও কোরবানির সুবিধা অন্তর্ভুক্ত রয়েছে।

ঘোষিত মূল্য অনুযায়ী, বিশেষ প্যাকেজের খরচ নির্ধারণ করা হয়েছে ৭ লাখ ৯১ হাজার ৬০ টাকা। সাধারণ প্যাকেজে হজ পালনে ব্যয় হবে ৫ লাখ ৯৫ হাজার ৫৮০ টাকা এবং সাশ্রয়ী প্যাকেজের খরচ ধরা হয়েছে ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা।

এ ছাড়া হজযাত্রীদের বিশেষ চাহিদা বিবেচনায় হজ এজেন্সিগুলো চাইলে অতিরিক্ত একটি বিশেষ প্যাকেজও নির্ধারণ করতে পারবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে।

গত বছরের সঙ্গে তুলনা করলে দেখা যায়, বিশেষ প্যাকেজের খরচ ছিল ৭ লাখ ৫০ হাজার টাকা, সাধারণ প্যাকেজ ৫ লাখ ৫০ হাজার টাকা এবং সাশ্রয়ী প্যাকেজ ৫ লাখ ১০ হাজার টাকা। সেই হিসেবে এ বছর তিনটি প্যাকেজেই ব্যয় বেড়েছে, তবে সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে বিশেষ ও সাধারণ প্যাকেজে।

হাবের পক্ষ থেকে জানানো হয়েছে, আন্তর্জাতিক বিমান ভাড়া, সৌদি আরবে আবাসন, পরিবহনসহ বিভিন্ন সেবার ব্যয় বৃদ্ধি পাওয়ায় হজ প্যাকেজের মূল্য সমন্বয় করা হয়েছে।

নতুন ঘোষিত প্যাকেজের মাধ্যমে বেসরকারি ব্যবস্থাপনায় হজে যেতে ইচ্ছুক ব্যক্তিরা নিজেদের প্রয়োজন ও সামর্থ্য অনুযায়ী প্যাকেজ বেছে নিতে পারবেন। আগামী দিনগুলোতে নিবন্ধন প্রক্রিয়া ও অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পর্কে পৃথকভাবে জানানো হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

ধর্ম ও জীবন এর সর্বশেষ খবর

ধর্ম ও জীবন - এর সব খবর



রে