ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬

'হত্যাচেষ্টার নির্দেশদাতা এমপি'—সাবেক পিএসের চাঞ্চল্যকর দাবি

২০২৬ জুলাই ২২ ০৮:৪০:১০
'হত্যাচেষ্টার নির্দেশদাতা এমপি'—সাবেক পিএসের চাঞ্চল্যকর দাবি

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে হত্যাচেষ্টার নির্দেশ, দুর্নীতি এবং বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ তুলেছেন তার সাবেক গাড়িচালক ও ব্যক্তিগত সহকারী ওবায়দুর রহমান। এসব অভিযোগ উল্লেখ করে তিনি প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে লিখিত আবেদন করেছেন।

আবেদনে ওবায়দুর রহমান দাবি করেন, গত ১৪ জুলাই রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর পল্লবীর উত্তর কালশীর আলীনগরে অবস্থিত রোজ গার্ডেন টাওয়ার-২-এর একটি ফ্ল্যাটে তার ওপর হামলা চালানো হয়। তার অভিযোগ, আমিন (পুলিশের সাবেক এসআই), মাসুম বিল্লাহ ও মোক্তাসিম বিল্লাহ নামে তিন ব্যক্তি লাঠিসোঁটা নিয়ে তাকে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করেন।

তিনি আরও দাবি করেন, হামলার শব্দ শুনে তার মা ও ছোট বোন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। বর্তমানে নিরাপত্তার আশঙ্কায় তিনি আত্মগোপনে রয়েছেন বলেও আবেদনে উল্লেখ করেন।

লিখিত আবেদনে ওবায়দুর রহমান অভিযোগ করেন, হামলার নেপথ্যে রয়েছেন সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। দীর্ঘদিন তার গাড়িচালক ও ব্যক্তিগত সহকারী হিসেবে দায়িত্ব পালন করার সময় তিনি বিভিন্ন দুর্নীতি, জমি ও বালুমহাল দখল, ঘুষ গ্রহণ এবং নারীসংক্রান্ত অনৈতিক কর্মকাণ্ড সম্পর্কে অবগত হয়েছেন বলে দাবি করেন।

এছাড়া, আবেদনে এমপি গাজী নজরুলের বিরুদ্ধে অপ্রাপ্তবয়স্ক তরুণীদের নিয়ে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও আনা হয়েছে। ওবায়দুর রহমানের দাবি, এসব ঘটনার সিসিটিভি ফুটেজও রয়েছে।

জীবনের নিরাপত্তাহীনতার কথা উল্লেখ করে তিনি হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন।

উল্লেখ্য, এসব অভিযোগ আবেদনকারীর ব্যক্তিগত দাবি। এ বিষয়ে সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগগুলোর স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে