ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

তৌহিদ আফ্রিদির জন্য এলো বড় স্বস্তি, আদালতের নতুন সিদ্ধান্ত

২০২৬ জুলাই ২১ ১৬:০২:৩৬
তৌহিদ আফ্রিদির জন্য এলো বড় স্বস্তি, আদালতের নতুন সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক: প্রতারণা ও অপরাধমূলক বিশ্বাসভঙ্গের মামলায়ও জামিন পেয়েছেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি। ঢাকার ওয়ারী থানায় দায়ের করা এ মামলায় জামিন মঞ্জুর হওয়ায় তার বিরুদ্ধে থাকা সব মামলায়ই জামিন সম্পন্ন হয়েছে। ফলে কারামুক্তিতে আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী।

মঙ্গলবার (২১ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে তৌহিদ আফ্রিদির পক্ষে জামিন আবেদন করেন আইনজীবী ইকবাল মাহমুদ শোভন। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন।

পরে আইনজীবী ইকবাল মাহমুদ শোভন জানান, তৌহিদ আফ্রিদির বিরুদ্ধে মোট তিনটি মামলা রয়েছে। এর মধ্যে দুটি মামলায় তিনি আগেই হাইকোর্ট থেকে জামিন পেয়েছিলেন। সর্বশেষ ওয়ারী থানার মামলায়ও জামিন পাওয়ায় সব মামলায় তার জামিন সম্পন্ন হয়েছে এবং মুক্তিতে আর কোনো আইনি বাধা নেই।

গত বছরের ২৪ আগস্ট রাতে বরিশাল থেকে তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। পরে তাকে একাধিক মামলায় গ্রেপ্তার দেখানো হয়। ওয়ারী থানার এ মামলায় গত ১৫ জুন আদালতের আদেশে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছিল।

মামলার এজাহার অনুযায়ী, গত বছরের ১৩ জানুয়ারি সৈয়দা আশফাহ তোয়াহা দ্যূতি হোয়াটসঅ্যাপে একটি ফ্রিল্যান্সিং কাজের প্রস্তাব পান। পরে গুগল রিভিউ ও টেলিগ্রামভিত্তিক কাজের মাধ্যমে ধাপে ধাপে বিনিয়োগে উৎসাহিত করা হয়। প্রথমে কিছু অর্থ ফেরত পেলেও পরবর্তীতে বিভিন্ন কৌশলে তার কাছ থেকে মোট ২ লাখ ৩৫ হাজার টাকা হাতিয়ে নেওয়া হয়।

এ ঘটনায় গত বছরের জানুয়ারিতে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে ওয়ারী থানায় প্রতারণার মামলা দায়ের করেন ভুক্তভোগী।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে