ঢাকা, বুধবার, ১৫ জুলাই ২০২৬

আন্দোলনে নতুন মোড়, সচিবালয়ে ৬ দফা নিয়ে ঢুকলেন শিক্ষার্থীরা

২০২৬ জুলাই ১৫ ১৭:৫৯:৫৫
আন্দোলনে নতুন মোড়, সচিবালয়ে ৬ দফা নিয়ে ঢুকলেন শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক: দুর্যোগ ও জলাবদ্ধতার মধ্যে এইচএসসি পরীক্ষা আয়োজনের প্রতিবাদে চলমান আন্দোলনে নতুন মোড় এসেছে। আগে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি জানালেও এখন সেই দাবি থেকে সরে এসে নতুন ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ে প্রবেশ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধিরা।

বুধবার (১৫ জুলাই) বিকেল পৌনে ৫টার দিকে শিক্ষা ভবনের সামনে থেকে ছয় সদস্যের একটি প্রতিনিধি দল সচিবালয়ে প্রবেশ করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় অংশ নেয়।

আন্দোলনরত শিক্ষার্থীরা যে ছয় দফা দাবি উত্থাপন করেছেন, সেগুলো হলো—

দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে অনুষ্ঠিত পরীক্ষায় যারা পুনরায় অংশ নিতে চান, তাদের সেই সুযোগ নিশ্চিত করতে হবে।

একই বিষয়ের পুনঃপরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের ক্ষেত্রে আগের পরীক্ষা ও পুনঃপরীক্ষার মধ্যে সর্বোচ্চ নম্বরটি চূড়ান্ত ফল হিসেবে গণ্য করতে হবে।

প্রশ্নপত্রে থাকা ভুল প্রশ্নের জন্য সব শিক্ষার্থীকে পূর্ণ নম্বর দিতে হবে।

চলমান অস্থিতিশীল পরিস্থিতি বিবেচনায় শিক্ষার্থীদের মানসিকভাবে প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় দিয়ে পুনঃপরীক্ষার আয়োজন করতে হবে।

পূর্বঘোষণা ছাড়া প্রশ্নপত্রের ধরনে পরিবর্তন আনার বিষয়টি মূল্যায়নে বিবেচনায় নিতে হবে।

পরীক্ষা চলাকালে ‘সচেতন গার্ড’-এর নামে শিক্ষকদের কঠোর বা বিভ্রান্তিকর আচরণ বন্ধ করতে হবে, যাতে পরীক্ষার্থীরা মানসিক চাপে না পড়েন।

এর আগে বুধবার বিকেলে রাজধানীর সায়েন্সল্যাব ও নীলক্ষেত এলাকায় অবস্থান নেওয়া শিক্ষার্থীরা মিছিল নিয়ে সচিবালয়ের উদ্দেশে রওনা দেন। মিছিলটি নীলক্ষেত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য ও টিএসসি এলাকা অতিক্রম করে শিক্ষা ভবনের সামনে পৌঁছায়।

শিক্ষা ভবনের সামনে পৌঁছালে পুলিশ তাদের অগ্রযাত্রা থামিয়ে দেয়। পরে আলোচনার জন্য আন্দোলনরত শিক্ষার্থীদের ছয়জন প্রতিনিধিকে সচিবালয়ে প্রবেশের অনুমতি দেওয়া হয়।

এর আগে আন্দোলনকারী শিক্ষার্থীরা তিন দফা দাবির মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি রেখেছিলেন। তবে সচিবালয়ে আলোচনায় অংশ নেওয়া প্রতিনিধিদলের নতুন দাবিপত্রে সেই দাবি আর অন্তর্ভুক্ত করা হয়নি।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে