ঢাকা, বুধবার, ১৫ জুলাই ২০২৬

দেশে-বিদেশে বিশাল সম্পদ জব্দ, বড় তথ্য দিল বিএফআইইউ

২০২৬ জুলাই ১৫ ১৫:৩৩:৫০
দেশে-বিদেশে বিশাল সম্পদ জব্দ, বড় তথ্য দিল বিএফআইইউ

নিজস্ব প্রতিবেদক: মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ১০টি শিল্প গ্রুপের দেশে-বিদেশে থাকা মোট ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

বুধবার (১৫ জুলাই) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে বিএফআইইউর ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে সংস্থাটির প্রধান ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুন এ তথ্য জানান।

তিনি বলেন, যৌথ তদন্তের আওতায় থাকা ব্যক্তি ও প্রতিষ্ঠানের দেশে থাকা ৫৭ হাজার কোটি টাকা এবং বিদেশে থাকা ১৯ হাজার কোটি টাকার সম্পদ জব্দ করা হয়েছে। সব মিলিয়ে জব্দ হওয়া সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৭৬ হাজার কোটি টাকা।

বিএফআইইউ প্রধান জানান, দেশ থেকে পাচার হওয়া সম্পদ উদ্ধারের কার্যক্রম এখনও চলমান রয়েছে। তার আশা, চলতি বছরের শেষ নাগাদ এ বিষয়ে ইতিবাচক অগ্রগতির খবর জানানো সম্ভব হবে।

তিনি বলেন, “আমরা দল-মত দেখি না। সন্দেহজনক লেনদেন বা সম্পদের তথ্য পেলেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয় এবং ব্যাংক হিসাব ফ্রিজ করা হয়। অন্তর্বর্তী সরকারের কারও সংশ্লিষ্টতা থাকলেও তদন্তে তা উঠে আসবে।”

বিএফআইইউর তথ্য অনুযায়ী, অন্তর্বর্তী সরকারের সময়ে শেখ হাসিনা পরিবারের পাশাপাশি অবৈধ সম্পদ অর্জন, কর ফাঁকি ও অর্থপাচারের অভিযোগে ১০টি শিল্প গ্রুপের বিরুদ্ধে যৌথ তদন্ত শুরু হয়েছে।

তদন্তের আওতায় থাকা শিল্প গ্রুপগুলো হলো— এস আলম, বেক্সিমকো, নাবিল, সামিট, ওরিয়ন, নাসা, বসুন্ধরা, ডা. ইকবালের প্রিমিয়ার, সিকদার এবং সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদের আরামিট গ্রুপ।

বিএফআইইউ জানিয়েছে, তদন্ত ও সম্পদ উদ্ধারের কার্যক্রম চলমান রয়েছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে