ঢাকা, বুধবার, ১৫ জুলাই ২০২৬

সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর!

২০২৬ জুলাই ১৫ ১১:৩৩:৩৮
সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর!

নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নবম পে স্কেলের সুপারিশ চূড়ান্ত করতে আজ বৈঠকে বসছে পুনর্গঠিত সচিব কমিটি। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বৈঠকে প্রস্তাবিত সুপারিশমালা চূড়ান্ত অনুমোদন পেতে পারে।

সচিবালয়ে সকাল সাড়ে ৯টায় মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকে সিদ্ধান্ত চূড়ান্ত হলে তা মন্ত্রিসভার অনুমোদনের জন্য পাঠানো হবে।

সূত্র অনুযায়ী, প্রস্তাবিত নবম পে স্কেলে প্রথম থেকে ১০ম গ্রেডের কর্মকর্তাদের মূল বেতন ১০০ শতাংশ এবং ১১তম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের মূল বেতন সর্বোচ্চ ১৪০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হয়েছে।তবে আজকের বৈঠকে সিদ্ধান্ত চূড়ান্ত না হলে পরবর্তী বৈঠকে বিষয়টি নিষ্পত্তি করে সুপারিশ মন্ত্রিসভায় পাঠানো হতে পারে।

অর্থ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছর থেকেই নতুন পে স্কেলের মূল বেতন সরকারি কোষাগার থেকে পরিশোধের পরিকল্পনা রয়েছে। তবে বিভিন্ন ধরনের ভাতা আগামী অর্থবছরে দুই ধাপে কার্যকর করার চিন্তা করা হচ্ছে।

নতুন পে স্কেল কার্যকর হলে বর্তমানে চালু থাকা দুই হাজার থেকে তিন হাজার টাকার অন্তর্বর্তীকালীন বিশেষ ভাতা বাতিল হয়ে যেতে পারে। কারণ, নতুন কাঠামোয় মূল বেতন উল্লেখযোগ্য পরিমাণ বাড়ানোর প্রস্তাব থাকায় এই ভাতার প্রয়োজনীয়তা কমে যাবে বলে মনে করছে সংশ্লিষ্টরা।

এ বিষয়ে সাবেক অর্থসচিব মাহবুব আহমেদ বলেন, বর্তমান জীবনযাত্রার ব্যয় বিবেচনায় সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল একটি সময়োপযোগী উদ্যোগ। তার মতে, ১১তম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের জন্য ১৪০ শতাংশ এবং কর্মকর্তাদের জন্য ১০০ শতাংশ বেতন বৃদ্ধির প্রস্তাব যৌক্তিক।

তিনি বলেন, বেতন বৃদ্ধির সঙ্গে মূল্যস্ফীতির সরাসরি সম্পর্ক নেই। আগের পে স্কেল বাস্তবায়নের সময়ও বড় ধরনের মূল্যস্ফীতির প্রভাব দেখা যায়নি। সরকারের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়েই নতুন কাঠামো তৈরি করা হয়েছে।

মাহবুব আহমেদ আরও বলেন, আর্থিক চাপ কমাতে ভাতার অংশ ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা একটি বাস্তবসম্মত সিদ্ধান্ত হতে পারে।

সচিব কমিটির সুপারিশ চূড়ান্ত হলে তা প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হবে। সেখানে নীতিগত অনুমোদনের পর বিষয়টি মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হবে। মন্ত্রিসভার অনুমোদনের পর অর্থ বিভাগ নবম পে স্কেলের প্রজ্ঞাপন জারি করবে। প্রয়োজনে এর আগে খসড়া প্রস্তাব আইন মন্ত্রণালয়ের ভেটিংয়ের জন্য পাঠানো হতে পারে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে