ঢাকা, সোমবার, ১৩ জুলাই ২০২৬

নানীকে হ/ত্যা, আদালতে যা বললেন অভিযুক্ত নাতি

২০২৬ জুলাই ১৩ ১১:১০:০৩
নানীকে হ/ত্যা, আদালতে যা বললেন অভিযুক্ত নাতি

নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়ায় ৮০ বছর বয়সী আয়েশা বেগম হত্যা মামলায় তার সম্পর্কের নাতি ইমাম হুসাইন তামজিদ খানকে গ্রেফতার করেছে পুলিশ। আদালতে দেওয়া ১৬৪ ধারার জবানবন্দিতে তিনি হত্যার দায় স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের দাবি, জবানবন্দিতে অভিযুক্ত জানিয়েছেন, মাদক সেবনের সময় আয়েশা বেগম বিষয়টি দেখে ফেলায় তাকে হত্যা করা হয়। তদন্তে যৌন নির্যাতনের অভিযোগও উঠে এসেছে, যা খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ৭ জুলাই ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার পাইকপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে নিখোঁজ হন আয়েশা বেগম। পরদিন বাড়ির পাশের একটি ডোবা থেকে বস্তাবন্দি অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের পরিবারের অভিযোগ, মাদকের জন্য অর্থের প্রয়োজন এবং স্বর্ণালংকার লুটের উদ্দেশ্যেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়। এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্তে শনিবার রাতে আখাউড়া উপজেলার তন্তর এলাকা থেকে ইমাম হুসাইন তামজিদ খানকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত দাবি করেন, ঘটনার দিন তিনি কয়েকজনের সঙ্গে মাদক সেবন করছিলেন। আয়েশা বেগম বিষয়টি দেখে অন্যদের জানিয়ে দেওয়ার কথা বললে তাকে হত্যা করা হয়। এরপর তার কাছ থেকে স্বর্ণালংকার নিয়ে মরদেহ বস্তাবন্দি করে পাশের একটি ডোবায় ফেলে দেওয়া হয় বলেও তিনি জবানবন্দিতে উল্লেখ করেছেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার পরিদর্শক (তদন্ত) রিপন দাস জানান, কুমিল্লা থেকে ফেরার পথে তামজিদকে গ্রেফতার করা হয়। পরে আদালতে হাজির করা হলে তিনি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

এদিকে, এ হত্যাকাণ্ডের প্রতিবাদ এবং অভিযুক্তের সর্বোচ্চ শাস্তির দাবিতে স্থানীয় বাসিন্দারা মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করছেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে