ঢাকা, শুক্রবার, ১০ জুলাই ২০২৬

গেঞ্জি পরে যাওয়ার কারণ জানালেন জামায়াত আমির

২০২৬ জুলাই ১০ ১৯:৩০:২২
গেঞ্জি পরে যাওয়ার কারণ জানালেন জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের বন্যাকবলিত বাঁশখালী ও সাতকানিয়া উপজেলা পরিদর্শনে গিয়ে নিজের পোশাক নিয়ে ব্যাখ্যা দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ক্ষতিগ্রস্ত মানুষের পাশে একজন আপনজন হিসেবে থাকতে চেয়েই গেঞ্জি পরে সেখানে গিয়েছেন।

শুক্রবার (১০ জুলাই) বাঁশখালীর বন্যাকবলিত এলাকা পরিদর্শনের সময় স্থানীয় বাসিন্দাদের উদ্দেশে তিনি বলেন, "আমি গেঞ্জি পরে আপনাদের সামনে এসেছি, কারণ আমি আপনাদের মেহমান নই। আজ থেকে আমিও বাঁশখালীর একজন মানুষ। আপনারা কি আমাকে বাঁশখালীর নাগরিকত্ব দেবেন?"

উপস্থিত মানুষের সম্মতি পাওয়ার পর তিনি বলেন, "আলহামদুলিল্লাহ, ধন্যবাদ।"

বন্যা পরিস্থিতি নিয়ে ডা. শফিকুর রহমান বলেন, স্বাধীনতার ৫৫ বছর পরও সামান্য বৃষ্টিতে মানুষের ঘরবাড়ি প্লাবিত হওয়া, কৃষিজমি ও মাছের ঘেরের ক্ষতি এবং মানুষের আয়-রোজগার বন্ধ হয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হচ্ছে। তার দাবি, এসব সমস্যার সমাধান সম্ভব হলেও প্রয়োজনীয় উদ্যোগের অভাবে একই দুর্ভোগ বারবার ফিরে আসছে।

তিনি আরও অভিযোগ করেন, অতীতে ক্ষমতায় থাকা সরকারগুলো জনগণের স্বার্থের পরিবর্তে নিজেদের স্বার্থকে অগ্রাধিকার দিয়েছে এবং রাষ্ট্রীয় সম্পদের অপব্যবহার করেছে।

চট্টগ্রামে পৌঁছে শুক্রবার সকালে ডা. শফিকুর রহমান বাঁশখালীর কালিপুর ইউনিয়নসহ ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে বন্যার ক্ষয়ক্ষতির খোঁজ নেন এবং জলাবদ্ধ এলাকায় হেঁটে বিভিন্ন পরিবারের পরিস্থিতি পরিদর্শন করেন।

এ সময় তিনি ক্ষতিগ্রস্তদের মধ্যে খাদ্যসামগ্রী ও আর্থিক সহায়তা বিতরণ করেন। পাশাপাশি বন্যাদুর্গত মানুষের দুর্ভোগ নিরসনে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতিও দেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে