ঢাকা, রবিবার, ৫ জুলাই ২০২৬

ডিএসইর সিদ্ধান্তে আইন লঙ্ঘনের অভিযোগ

২০২৬ জুলাই ০৫ ১৮:২২:৫২
ডিএসইর সিদ্ধান্তে আইন লঙ্ঘনের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. আব্দুল লতিফ তার চাকরিচ্যুতিকে বেআইনি, একতরফা এবং ন্যায়বিচারের মৌলিক নীতির পরিপন্থি দাবি করে এর নিরপেক্ষ তদন্ত এবং চাকরিতে পুনর্বহালের আবেদন জানিয়েছেন।

রোববার (৫ জুলাই) তিনি এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবের কাছে একটি লিখিত আবেদন জমা দেন। আবেদনে তিনি অভিযোগ করেন, গত ২৫ জুন ডিএসই কর্তৃপক্ষ কোনো ধরনের পূর্ব নোটিশ প্রদান কিংবা আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়েই শুধু ‘পদের আর প্রয়োজনীয়তা নেই’—এই কারণ দেখিয়ে তাকে চাকরি থেকে অব্যাহতি দেয়। একই সঙ্গে ওই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর করা হয়।

আবেদনে মো. আব্দুল লতিফ উল্লেখ করেন, তিনি প্রায় ২০ বছর ধরে সততা, নিষ্ঠা এবং পেশাদারিত্বের সঙ্গে ঢাকা স্টক এক্সচেঞ্জে দায়িত্ব পালন করেছেন। চাকরিকালে তার কর্মদক্ষতা, দায়িত্ব পালনের মান কিংবা আচরণ নিয়ে কখনো কোনো অভিযোগ উত্থাপিত হয়নি। এমন পরিস্থিতিতে কোনো কারণ দর্শানোর নোটিশ বা শুনানির সুযোগ না দিয়ে চাকরিচ্যুতির সিদ্ধান্ত বাংলাদেশ শ্রম আইন, চাকরির বিধিমালা এবং করপোরেট গভর্ন্যান্স নীতিমালার পরিপন্থি বলে তিনি দাবি করেন।

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে কর্মরত একজন স্থায়ী কর্মকর্তাকে এভাবে হঠাৎ করে চাকরি থেকে অব্যাহতি দেওয়া শুধু আইনবিরোধী নয়, এটি মানবাধিকারেরও লঙ্ঘন। এ সিদ্ধান্তের ফলে তিনি এবং তার পরিবার আর্থিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। পাশাপাশি দীর্ঘ কর্মজীবনে অর্জিত তার পেশাগত ও সামাজিক সুনামও ক্ষুণ্ন হয়েছে বলে আবেদনে উল্লেখ করেন।

মো. আব্দুল লতিফ তার আবেদনে আরও বলেন, দেশের প্রধান শেয়ারবাজার প্রতিষ্ঠান হিসেবে ঢাকা স্টক এক্সচেঞ্জের কাছ থেকে এ ধরনের অস্বচ্ছ, একতরফা এবং আইনবহির্ভূত আচরণ প্রত্যাশিত নয়।

এ প্রেক্ষাপটে তিনি অর্থ মন্ত্রণালয়ের কাছে ডিএসইর চাকরিচ্যুতির সিদ্ধান্ত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বাতিল, চাকরির ধারাবাহিকতা অক্ষুণ্ন রেখে বকেয়া বেতন-ভাতা ও অন্যান্য প্রাপ্য সুবিধাসহ তাকে ডেপুটি জেনারেল ম্যানেজার পদে পুনর্বহালের জন্য প্রয়োজনীয় হস্তক্ষেপ কামনা করেছেন।

আবেদনের অনুলিপি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান, ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান এবং ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক (এমডি)-এর কাছেও পাঠানো হয়েছে।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে