ঢাকা, বুধবার, ৩ জুন ২০২৬

অবশেষে সরছে মাজার দিঘির ‘রহস্যময়’ কুমির

২০২৬ জুন ০৩ ১০:৪৫:৪২
অবশেষে সরছে মাজার দিঘির ‘রহস্যময়’ কুমির

নিজস্ব প্রতিবেদক: বাগেরহাটের হযরত খানজাহান আলী (রহ.) মাজার সংলগ্ন দিঘিতে থাকা একমাত্র কুমিরটিকে সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। সম্প্রতি কুমিরের আক্রমণে এক শিশুর মৃত্যু এবং এর আগে আরেকটি প্রাণহানির ঘটনার পর দর্শনার্থীদের নিরাপত্তা বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২ জুন) রাতে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত জরুরি সভায় সিদ্ধান্ত হয়, দিঘির কুমিরটি দ্রুত সরিয়ে নেওয়া হবে। জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন জানান, মাজার এলাকায় নিরাপত্তা ও নজরদারিও বাড়ানো হয়েছে।

বাগেরহাট পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী বলেন, কুমিরটি ধরতে ও স্থানান্তরের পরিকল্পনা চূড়ান্ত করতে বিশেষজ্ঞ দল ৩ জুন বাগেরহাটে আসছে। তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

গত ১ জুন রাতে মাজার দিঘিতে গোসল করতে নেমে সাত বছর বয়সী ফাতেমা আক্তার কুমিরের আক্রমণের শিকার হয়। পরদিন সকালে তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে গত এপ্রিলে একটি কুকুরকেও কুমিরটি টেনে নিয়ে যায়।

ঐতিহাসিকভাবে খানজাহান আলীর মাজার দিঘি মিঠাপানির কুমিরের জন্য পরিচিত। কয়েকশ বছর ধরে এখানে কুমিরের উপস্থিতি ছিল। তবে পুরোনো কুমিরগুলোর মৃত্যুর পর ২০০৪ সালে ভারতের মাদ্রাজ ক্রোকোডাইল ব্যাংক থেকে কয়েকটি কুমির এনে অবমুক্ত করা হয়। বর্তমানে বেঁচে থাকা এই একমাত্র কুমিরটিই দিঘিতে রয়েছে।

স্থানীয়দের দাবি, সঙ্গী না থাকায় কুমিরটি বহুবার লোকালয়ে চলে গিয়েছিল। সর্বশেষ ২০২৫ সালের ফেব্রুয়ারিতে এটি একটি বাড়ির পুকুরে চলে গেলে উদ্ধার করে আবার দিঘিতে ফিরিয়ে আনা হয়।

মাজারের খাদেম ফকির জামাল হোসেন বলেন, কুমিরটি সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিরাপত্তার জন্য প্রয়োজনীয় হলেও দিঘির ঐতিহ্যের সঙ্গে কুমিরের সম্পর্ক দীর্ঘদিনের। তাই ভবিষ্যতে নতুন কুমির আনার বিষয়ে সংশ্লিষ্টদের ভাবতে হবে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে