ঢাকা, বুধবার, ১৩ মে ২০২৬

সিকিউরিটিজ আইন লঙ্ঘনে ফরচুন সুজ সংশ্লিষ্টদের বড় অঙ্কের জরিমানা

২০২৬ মে ১৩ ১৯:৩৭:১২
সিকিউরিটিজ আইন লঙ্ঘনে ফরচুন সুজ সংশ্লিষ্টদের বড় অঙ্কের জরিমানা

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফরচুন সুজ লিমিটেডের ক্যাশ ডিভিডেন্ড ও লিস্টিং ফি পরিশোধে ব্যর্থতার ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তি ও কর্মকর্তাদের বিরুদ্ধে মোট ৭ কোটি ২০ লাখ টাকা জরিমানা আরোপ করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে গত মঙ্গলবার (১২ মে) কমিশনের সভাকক্ষে অনুষ্ঠিত ১০১৩তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বুধবার (১৩ মে) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে নিয়ন্ত্রক সংস্থাটি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফরচুন সুজ লিমিটেড ২০২২ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছিল। কোম্পানিটির মোট স্টক ডিভিডেন্ডের পরিমাণ ছিল ১৬ কোটি ২৫ লাখ টাকা। তবে এর মধ্যে ৩ কোটি ৯৮ লাখ টাকার নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের পরিশোধ করা হয়নি।

একই সঙ্গে কোম্পানিটি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ২০২৩ সালের ৩১ জুলাই পর্যন্ত পূর্ববর্তী তিন বছরের লিস্টিং ফি বাবদ ১৮ লাখ ২৯ হাজার টাকা পরিশোধেও ব্যর্থ হয়।

বিএসইসি সিদ্ধান্ত নিয়েছে, কমিশনের আদেশ জারির পরবর্তী ৩০ দিনের মধ্যে কোম্পানিকে বকেয়া ৩ কোটি ৯৮ লাখ টাকার ক্যাশ ডিভিডেন্ড এবং ১৮ লাখ ২৯ হাজার টাকার লিস্টিং ফি পরিশোধ করতে হবে।

নিয়ন্ত্রক সংস্থাটি জানিয়েছে, বিনিয়োগকারীদের স্বার্থ ক্ষুণ্ন করা এবং সিকিউরিটিজ আইন লঙ্ঘনের দায়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে অর্থদণ্ড আরোপ করা হয়েছে। একই সঙ্গে জরিমানার অর্থ পরবর্তী ৭ দিনের মধ্যে কমিশনে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বিএসইসির সিদ্ধান্ত অনুযায়ী, ফরচুন সুজ লিমিটেডের চেয়ারম্যান এমডি মিজানুর রহমানকে ৫ কোটি টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ডিরেক্টর এমডি আমানুর রহমান, ডিরেক্টর রোবিউল ইসলাম, সাবেক পরিচালক এমডি খসরুল ইসলাম এবং ব্যবস্থাপনা পরিচালক রোকসানা রহমানকে প্রত্যেককে ৫০ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

এছাড়া কোম্পানির প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) জামিল আহমেদ চৌধুরীকে ১০ লাখ টাকা, সাবেক কোম্পানি সচিব রিয়াজ উদ্দিন ভূইয়াকে ৫ লাখ টাকা এবং কোম্পানি সচিব এমডি নজমুল হোসেনকে ৫ লাখ টাকা জরিমানা করেছে বিএসইসি।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে