ঢাকা, বুধবার, ১৩ মে ২০২৬

এসএসসি-এইচএসসি নিয়ে বড় পরিবর্তনের ইঙ্গিত দিল সরকার!

২০২৬ মে ১৩ ১৫:৩৮:১৪
এসএসসি-এইচএসসি নিয়ে বড় পরিবর্তনের ইঙ্গিত দিল সরকার!

নিজস্ব প্রতিবেদক: এসএসসি ও এইচএসসি পরীক্ষাকে কেন্দ্র করে সেশনজট কমাতে নতুন পরিকল্পনার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, শিক্ষার্থীদের সময় নষ্ট না করে নির্ধারিত সময়ের মধ্যেই পরীক্ষা ও শিক্ষাবর্ষ শেষ করার জন্য সরকার কার্যক্রম হাতে নিয়েছে।

বুধবার (১৩ মে) সকালে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে ‘অন গ্রিড সৌর প্রকল্প’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার ক্ষেত্রে কোনো ধরনের কার্পণ্য করা হচ্ছে না। এসএসসি ও এইচএসসি পরীক্ষা কীভাবে পূর্ণ পাঠ্যসূচি শেষ করে সময়মতো নেওয়া যায়, সে বিষয়ে আলোচনা চলছে। তিনি বলেন, “শিক্ষার্থীদের যেন ১০ বছরের স্কুলজীবন ১০ বছরেই শেষ হয় এবং কোনো ধরনের সেশনজটে না পড়তে হয়, সেদিকে সরকার গুরুত্ব দিচ্ছে।”

তিনি আরও বলেন, পরীক্ষা সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়া প্রয়োজন। বর্তমানে পরীক্ষার পরিবেশ ভালো হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, শিক্ষার্থীরা যা চায়, সরকারও সেটাই চায়। জোর করে কোনো কিছু চাপিয়ে দেওয়া নয়, বরং আনন্দময় শিক্ষাব্যবস্থা গড়ে তোলার দিকেই গুরুত্ব দেওয়া হচ্ছে।

শিক্ষামন্ত্রী বলেন, দেশের সবচেয়ে বড় শক্তি হলো তরুণ জনগোষ্ঠী ও মানবসম্পদ। এই মানবসম্পদকে দক্ষভাবে গড়ে তুলতে পারলে বাংলাদেশ আন্তর্জাতিক পর্যায়ে আরও শক্ত অবস্থান তৈরি করতে পারবে।

তিনি জানান, বর্তমান শিক্ষা ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন ও আধুনিকায়নের প্রয়োজন রয়েছে। এ লক্ষ্য সামনে রেখে সরকার শিক্ষা খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

মন্ত্রী আরও বলেন, শিক্ষা ছাড়া কোনো জাতি বিশ্বে এগিয়ে যেতে পারে না। তাই দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে মানসম্মত ও আধুনিক শিক্ষার কোনো বিকল্প নেই।

অনুষ্ঠানে নবায়নযোগ্য জ্বালানি খাতে নেওয়া উদ্যোগগুলোকেও ইতিবাচক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন তিনি। তার মতে, এ ধরনের প্রকল্প শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে প্রযুক্তি ও টেকসই উন্নয়নের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত করবে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে