ঢাকা, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬

‘অপেক্ষা করুন’—বড় অভিযানের ইঙ্গিত স্বরাষ্ট্রমন্ত্রীর

২০২৬ মে ০৭ ১৫:০৮:৩০
‘অপেক্ষা করুন’—বড় অভিযানের ইঙ্গিত স্বরাষ্ট্রমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষায় চলমান বিশেষ অভিযান অব্যাহত রয়েছে এবং পর্যায়ক্রমে পরিস্থিতির আরও উন্নতি দৃশ্যমান হবে।

বৃহস্পতিবার (৭ মে) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সিলেট ও সুনামগঞ্জে পাথর আহরণসংক্রান্ত এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার পুলিশ বাহিনীকে কার্যকর ও সুশৃঙ্খল অবস্থায় ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে বলে মনে করছে। জনগণের মধ্যেও এ বিষয়ে আস্থা তৈরি হয়েছে। এ কারণে ধাপে ধাপে সেনাবাহিনীকে মাঠপর্যায়ের দায়িত্ব থেকে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হচ্ছে।

তবে কীভাবে এই প্রত্যাহার কার্যক্রম পরিচালিত হবে, সে বিষয়ে পুলিশ, সেনাবাহিনী ও সংশ্লিষ্ট সংস্থাগুলো যৌথভাবে সিদ্ধান্ত নেবে বলে জানান তিনি।

চলমান বিশেষ অভিযান প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চাঁদাবাজ, সন্ত্রাসী, মাদক কারবারি, জুয়াড়ি ও অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

তিনি বলেন,“সময় শেষ হয়ে যায়নি। অপেক্ষা করুন, দেখতে পাবেন অভিযান চলছে। প্রতিদিনই দাগী আসামি গ্রেপ্তার হচ্ছে।”

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, মাদক, সন্ত্রাসবাদ, জুয়া ও অস্ত্রসংক্রান্ত অপরাধে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। কোথাও কোথাও যৌথ অভিযান পরিচালিত হচ্ছে, আবার আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট পৃথকভাবেও অভিযান চালাচ্ছে।

‘বড় গডফাদারদের’ বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না—এমন অভিযোগের জবাবে তিনি বলেন, আইনের ঊর্ধ্বে কেউ নয়। সুনির্দিষ্ট তালিকার ভিত্তিতেই অভিযান পরিচালনা করা হচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন, সরকারের চলমান কার্যক্রমের ফলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে এ বিষয়ে ভিন্নমত থাকতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে