ঢাকা, সোমবার, ৪ মে ২০২৬

ঈদ সামনে রেখে অস্বাভাবিক দাম বেড়েছে যেসব পণ্যের

২০২৬ মে ০৪ ১৩:৫৩:৪১
ঈদ সামনে রেখে অস্বাভাবিক দাম বেড়েছে যেসব পণ্যের

নিজস্ব প্রতিবেদক: ঈদুল আজহা সামনে রেখে দেশের বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম আবারও বেড়ে গেছে। বিশেষ করে মসলা, শুকনো ফল ও বাদামের দামে সবচেয়ে বেশি অস্থিরতা দেখা যাচ্ছে। বাজার ঘুরে দেখা গেছে এলাচের দাম কেজিতে প্রায় ৩০০ টাকা পর্যন্ত বেড়ে এখন ৪ হাজার টাকার ওপরে বিক্রি হচ্ছে। লবঙ্গ কেজিতে ২০০ টাকার মতো বেড়ে ১৪০০–১৪৫০ টাকায় বিক্রি হচ্ছে।

আলুবোখারার দাম সবচেয়ে বেশি বেড়েছে, যা কেজিতে ৫০০–৬০০ টাকা পর্যন্ত বেড়ে প্রায় ১৫০০ টাকায় দাঁড়িয়েছে। এছাড়া কিশমিশ, জিরা, দারুচিনি, ধনিয়া গুঁড়া ও তেজপাতার দামেও ধারাবাহিক বৃদ্ধি দেখা গেছে। বাদামজাতীয় পণ্যের মধ্যে পেস্তা ও কাজুবাদামের দাম কয়েকশ টাকা থেকে এক হাজার টাকা পর্যন্ত বেড়েছে বলে জানা গেছে।

ব্যবসায়ীরা বলছেন, আন্তর্জাতিক বাজারে দামের ওঠানামা, আমদানি ব্যয় বৃদ্ধি এবং পরিবহন খরচ বাড়ার কারণে দেশীয় বাজারেও এর প্রভাব পড়েছে। তবে ভোক্তা অধিকার সংগঠনগুলো অভিযোগ করছে, ঈদকে কেন্দ্র করে একটি অসাধু চক্র পরিকল্পিতভাবে দাম বাড়াচ্ছে এবং অতিরিক্ত মুনাফা নিচ্ছে। তাদের মতে, বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকা সত্ত্বেও দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়া সিন্ডিকেটের প্রভাবের ইঙ্গিত দেয়।

এদিকে ক্রেতারা বলছেন, ঈদ এলেই প্রতিবারই একই পরিস্থিতি তৈরি হয় এবং সাধারণ মানুষের জন্য বাজার করা কঠিন হয়ে পড়ে। অন্যদিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, তারা বাজারে নজরদারি বাড়িয়েছে এবং নিয়মিত অভিযান পরিচালনা করছে। কোনো অনিয়ম পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে