ঢাকা, সোমবার, ৪ মে ২০২৬

এক মাস পর আবার চালু হচ্ছে ইস্টার্ন রিফাইনারি

২০২৬ মে ০৪ ১২:৩২:১৬
এক মাস পর আবার চালু হচ্ছে ইস্টার্ন রিফাইনারি

নিজস্ব প্রতিবেদক: অপরিশোধিত তেলের (ক্রুড অয়েল) সংকটে প্রায় এক মাস বন্ধ থাকার পর আবারও উৎপাদনে ফিরছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেল পরিশোধনাগার ইস্টার্ন রিফাইনারি পিএলসি। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, আগামী ৭ মে থেকে প্রতিষ্ঠানটির অপারেশন কার্যক্রম পুনরায় শুরু হবে।

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে দীর্ঘদিন ধরে ক্রুড অয়েল আমদানি ব্যাহত হওয়ায় গত ১৪ এপ্রিল রিফাইনারির ক্রুড প্রসেসিং ইউনিট বন্ধ হয়ে যায়। এতে পুরো উৎপাদন কার্যক্রম স্থবির হয়ে পড়ে।

প্রতিষ্ঠানটির উপ-মহাব্যবস্থাপক (প্ল্যানিং অ্যান্ড শিপিং) মো. মোস্তাফিজুর রহমান জানান, সৌদি আরব থেকে আমদানি করা এক লাখ টন ক্রুড অয়েলবাহী একটি জাহাজ ৫ মে চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে। জাহাজ থেকে তেল খালাস শেষে ৭ মে থেকে পুনরায় পরিশোধন কার্যক্রম শুরু হবে।

তিনি আরও জানান, আপাতত বড় ধরনের তেল সংকটের আশঙ্কা নেই। চলতি মাসেই আরও একটি জাহাজে ক্রুড অয়েল দেশে আসবে, ফলে সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক থাকবে।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন সূত্রে জানা গেছে, সাধারণত সৌদি আরবের এরাবিয়ান লাইট এবং সংযুক্ত আরব আমিরাতের মারবান ক্রুড অয়েল পরিশোধন করা হয়। প্রতিবছর প্রায় ১৫ লাখ মেট্রিক টন ক্রুড অয়েল আমদানি করা হয়।

সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতির কারণে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় গত ফেব্রুয়ারির পর নতুন কোনো ক্রুড অয়েল দেশে আসেনি। ফলে ১৯৬৮ সালে প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো উৎপাদন বন্ধ করতে বাধ্য হয় ইস্টার্ন রিফাইনারি।

পরে বিকল্প রুট ব্যবহার করে লোহিত সাগর হয়ে সৌদি আরব থেকে ‘এমটি নিনেমিয়া’ জাহাজে এক লাখ টন ক্রুড অয়েল দেশে আনার উদ্যোগ নেওয়া হয়। জাহাজটি ৫ মে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছানোর কথা রয়েছে এবং ৬ মে থেকে খালাস শুরু হবে।

এছাড়া বাংলাদেশ শিপিং করপোরেশন জানিয়েছে, চলতি মাসের শেষদিকে সংযুক্ত আরব আমিরাত থেকেও আরও এক লাখ টন ক্রুড অয়েল দেশে আসার সম্ভাবনা রয়েছে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে