ঢাকা, রবিবার, ৩ মে ২০২৬

রাজনীতিতে নিজের অবস্থান পরিষ্কার করলেন সাকিব আল হাসান

২০২৬ মে ০৩ ১১:৪১:১৭
রাজনীতিতে নিজের অবস্থান পরিষ্কার করলেন সাকিব আল হাসান

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান জানিয়েছেন, ভবিষ্যতে রাজনীতিতে সক্রিয় থাকলে তিনি একমাত্র বাংলাদেশ আওয়ামী লীগ-এর সঙ্গেই যুক্ত থাকতে চান। দল পরিবর্তনের কোনো অভ্যাস বা ইচ্ছা তার কখনোই ছিল না বলেও স্পষ্ট করেছেন তিনি।

সম্প্রতি ভারতের মুম্বাই-এ একটি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট ইভেন্টে অংশ নেওয়ার সময় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে সাকিব এসব কথা বলেন। তিনি উল্লেখ করেন, জীবনের বিভিন্ন পর্যায়ে যেখানেই যুক্ত হয়েছেন, সেখানেই অনুগত থেকেছেন।

রাজনৈতিক ক্যারিয়ারের ভবিষ্যৎ আওয়ামী লীগের প্রতিই নিবেদিত কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন,“সেটাই তো হওয়ার কথা, আওয়ামী লীগে প্রতিজ্ঞাবদ্ধ, তাই না? আমার এত দল পরিবর্তন করার শখ নেই, ইচ্ছা নেই এবং কোনো কালেও ছিল না। আমি এই জিনিস কখনও করিনি। ঠিক আছে? আমি যদি একটা ছোট দলেও কোনো দিন নাম লিখিয়েছি, তাহলে ওই দলের প্রতিই সবসময় অনুগত ছিলাম। পল্টি দেওয়ার অভ্যাস নেই।”

আওয়ামী লীগের রাজনীতি বর্তমানে নিষিদ্ধ থাকলেও এটি স্থায়ী হবে না বলেই মনে করেন সাকিব। ৩৯ বছর বয়সী এই ক্রিকেটার বলেন, কোনো দলকে জোর করে দমিয়ে রাখার চেষ্টা দীর্ঘমেয়াদে ভালো ফল দেয় না।

উল্লেখ্য, ২০২৪ সালের জানুয়ারিতে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। তবে একই বছরের ৫ আগস্ট সরকার পতনের সময় তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন এবং এরপর আর দেশে ফেরেননি।

অতীতে বিভিন্ন রাজনৈতিক দলের বিরোধীদের দমন করার প্রসঙ্গ তুলে সাকিব বলেন, এই চক্র থেকে বেরিয়ে আসতে হলে কোনো এক পক্ষকে উদ্যোগ নিতে হবে। একই ভুল বারবার ঘটতে থাকলে রাজনৈতিক সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তন আসবে না বলেও মত দেন তিনি।

তিনি আরও বলেন, একটি দল যদি ন্যায্য প্রতিযোগিতার পরিবেশ তৈরি করে উদাহরণ স্থাপন করতে পারে, তাহলে তা জনগণের আস্থা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় সব দলের অংশগ্রহণ নিশ্চিত হওয়াই দেশের রাজনীতির জন্য সবচেয়ে ভালো।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে