ঢাকা, রবিবার, ৩ মে ২০২৬

অ্যাসেট ম্যানেজমেন্ট খাতে কঠোর হচ্ছে বিএসইসি

২০২৬ মে ০২ ২৩:৩৬:৩১
অ্যাসেট ম্যানেজমেন্ট খাতে কঠোর হচ্ছে বিএসইসি

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারের সম্পদ ব্যবস্থাপনা খাতে নিয়ন্ত্রণ জোরদার করতে কঠোর পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এই উদ্যোগের অংশ হিসেবে নিট সম্পদের ঘাটতিতে থাকা এশিয়ান টাইগার ক্যাপিটাল পার্টনারস অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডকে চূড়ান্ত সতর্কবার্তা দেওয়া হয়েছে।

কমিশন প্রতিষ্ঠানটিকে আর্থিক সক্ষমতা প্রমাণের জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছে। আগামী ছয় মাসের মধ্যে নিট সম্পদের ঘাটতি পূরণ করতে না পারলে তাদের নিবন্ধন সনদ স্থায়ীভাবে বাতিল হওয়ার ঝুঁকিতে পড়বে।

বিএসইসি জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে প্রতিষ্ঠানটির নিট সম্পদ পরিশোধিত মূলধনের কমপক্ষে ৯০ শতাংশে উন্নীত করতে হবে। এই শর্ত পূরণে ব্যর্থ হলে প্রচলিত সিকিউরিটিজ আইনের আওতায় নিবন্ধন বাতিলের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করা হবে। পাশাপাশি অন্যান্য বিধি লঙ্ঘনের কারণে প্রতিষ্ঠানটিকে দাপ্তরিকভাবে কঠোর সতর্কবার্তা পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে, তদারকিতে ঘাটতির অভিযোগে সংশ্লিষ্ট ট্রাস্টিদের বিরুদ্ধেও ব্যবস্থা নিয়েছে কমিশন। এশিয়ান টাইগার ক্যাপিটালের পরিচালিত ফান্ডগুলোর ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালনে ব্যর্থতার জন্য বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি (বিজিআইসি) এবং ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)-কে সতর্ক করা হয়েছে।

বিশেষভাবে, এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ডের ট্রাস্টি হিসেবে দায়িত্ব যথাযথভাবে পালন না করায় বিজিআইসিকে সতর্ক করা হয়। একইভাবে, এটিসি শরিয়াহ ইউনিট ফান্ড পরিচালনায় বিধিবিধান লঙ্ঘনের অভিযোগে আইসিবিকেও কড়া সতর্কবার্তা দেওয়া হয়েছে।

পুরো বিষয়টির তদারকি এবং পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের দায়িত্ব দেওয়া হয়েছে বিএসইসির এনফোর্সমেন্ট ডিভিশনকে। প্রয়োজন অনুযায়ী নিবন্ধন বাতিল বা অন্যান্য ব্যবস্থা গ্রহণে এই বিভাগ কার্যকর ভূমিকা রাখবে।

সংশ্লিষ্টরা বলছেন, সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠানগুলোর আর্থিক ভিত্তি দুর্বল হয়ে পড়লে বিনিয়োগকারীদের অর্থ ঝুঁকিতে পড়ে। তাই এ ধরনের প্রতিষ্ঠানের ওপর কঠোর শর্ত আরোপের মাধ্যমে বিনিয়োগ সুরক্ষা নিশ্চিত করতে চায় নিয়ন্ত্রক সংস্থা।

এ বিষয়ে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সোহেল নাদিম রহমান বলেন, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে ব্যবসা পরিচালনা করাই কঠিন হয়ে পড়েছে। তিনি জানান, এমন বাস্তবতায় নির্ধারিত সময়ের মধ্যে নিট সম্পদের ঘাটতি পূরণ করা চ্যালেঞ্জিং হলেও প্রতিষ্ঠানটি চেষ্টা চালিয়ে যাচ্ছে।

বিশ্লেষকদের মতে, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি ও ফান্ড ট্রাস্টিদের ওপর বিএসইসির এই কঠোর নজরদারি বাজারে আস্থা ফিরিয়ে আনতে সহায়ক হবে। বিশেষ করে আর্থিক ভিত্তি দুর্বল হলে মিউচুয়াল ফান্ড খাতে নেতিবাচক প্রভাব পড়ে, যা বিনিয়োগকারীদের আস্থাহীনতা তৈরি করে। কমিশনের এই উদ্যোগ খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন তারা।

এসউদ্দিন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে