ঢাকা, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

সুনামগঞ্জ নিয়ে স্পিকারের হাস্যরস—সংসদে চমক

২০২৬ এপ্রিল ২৭ ১৯:৩২:২৫
সুনামগঞ্জ নিয়ে স্পিকারের হাস্যরস—সংসদে চমক

নিজস্ব প্রতিবেদক: সুনামগঞ্জে বজ্রপাতের উচ্চমাত্রা নিয়ে জাতীয় সংসদে আলোচনার সময় হালকা হাস্যরসের সৃষ্টি হয়েছে। বজ্রপাতের ঘনত্বের তথ্য শুনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, “এত বজ্রপাত সুনামগঞ্জে হয়, জানলে তো বিয়েই করতাম না সেখানে।”

সোমবার (২৭ এপ্রিল) তার সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদ অধিবেশনে ৭১ বিধিতে জরুরি জনগুরুত্বপূর্ণ নোটিশের ওপর আলোচনার সময় তিনি এ মন্তব্য করেন।

আলোচনায় অংশ নিয়ে সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল বলেন, তার নির্বাচনী এলাকার চারটি উপজেলা হাওড়বেষ্টিত হওয়ায় কৃষক ও মৎস্যজীবীরা সারা বছর ঝুঁকির মধ্যে কাজ করেন। গ্রীষ্ম ও বর্ষা মৌসুমে আকস্মিক বজ্রপাতে প্রায়ই প্রাণহানির ঘটনা ঘটে।

তিনি জানান, সম্প্রতি দেশে বজ্রপাতে ১২ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে তার আসনেই চারজন। আন্তর্জাতিক গবেষণা সংস্থা নাসার তথ্য অনুযায়ী, সুনামগঞ্জের হাওড় অঞ্চলে প্রতি বর্গকিলোমিটারে ২৫টির বেশি বজ্রপাত হয়।

তিনি প্রতিটি হাওড়ে আশ্রয়কেন্দ্র নির্মাণ ও বজ্রনিরোধক দণ্ড স্থাপনের দাবি জানান।

জবাবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, বাংলাদেশ বিশ্বের অন্যতম দুর্যোগপ্রবণ দেশ এবং সাম্প্রতিক বছরগুলোতে বজ্রপাতের তীব্রতা বেড়েছে। বিশেষ করে হাওড় ও উত্তরাঞ্চলে ঝুঁকি বেশি।

তিনি জানান, সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে হাওড় অঞ্চলে সাইরেন স্থাপনের পরিকল্পনা রয়েছে, যাতে আবহাওয়ার ঝুঁকির সময় মানুষ দ্রুত আশ্রয় নিতে পারে। এছাড়া তালগাছ রোপণ ও বজ্রনিরোধক টাওয়ার স্থাপনের বিষয়েও উদ্যোগ নেওয়া হচ্ছে। বজ্রপাতে গবাদিপশু মারা গেলে কৃষকদের আর্থিক সহায়তা দেওয়ার জন্য বিধিমালাও সংশোধন করা হয়েছে।

মন্ত্রী বক্তব্য শেষ করার পর স্পিকার তার মন্তব্যে সংসদে হালকা হাস্যরসের সৃষ্টি হয়।উল্লেখ্য, স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সহধর্মিণী দিলারা হাফিজ সুনামগঞ্জ জেলার বাসিন্দা ছিলেন। গত ২৮ মার্চ সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে