ঢাকা, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

রাজস্ব বাড়লেও লোকসানের বৃত্তে সিঙ্গার বাংলাদেশ

২০২৬ এপ্রিল ২৪ ১২:১৫:৪৩
রাজস্ব বাড়লেও লোকসানের বৃত্তে সিঙ্গার বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি ২০২৬ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ৫৫ কোটি ৮৬ লাখ টাকা লোকসান গুনেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি সিঙ্গার বাংলাদেশ লিমিটেড। অথচ আগের বছরের একই সময়ের তুলনায় কোম্পানিটির রাজস্বে সামান্য প্রবৃদ্ধি লক্ষ্য করা গেছে।

অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, প্রথম প্রান্তিকে কোম্পানিটির মোট বিক্রি ৩.৪৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫৭৭ কোটি ২০ লাখ টাকায়। গত বছরের একই সময়ে বিক্রির পরিমাণ ছিল ৫৩৭ কোটি ৮৬ লাখ টাকা। রাজস্ব বাড়লেও লোকসানের পাল্লা বেশ ভারী হয়েছে।

২০২৫ সালের প্রথম প্রান্তিকে যেখানে লোকসান ছিল ৩৫ কোটি ৮৯ লাখ টাকা, সেখানে এ বছর তা বেড়ে ৫৫ কোটি ৮৬ লাখ টাকায় দাঁড়িয়েছে। মূলত ব্যয় বৃদ্ধি এবং বাজারে পণ্যের চাহিদা কম থাকায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

এর ফলে চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৫ টাকা ৬০ পয়সা। যা আগের বছর একই সময়ে ছিল ৩.৫০ পয়সা।

আর্থিক ফলাফলের বিষয়ে কোম্পানিটি জানিয়েছে, টার্নওভার সামান্য বাড়লেও কনজ্যুমার ইলেকট্রনিক্স বাজারে স্থবিরতার কারণে প্রকৃত বিক্রি প্রত্যাশা অনুযায়ী হয়নি। উচ্চ মূল্যস্ফীতি, ভূ-রাজনৈতিক উত্তেজনা এবং প্রতিকূল আবহাওয়ার কারণে অভ্যন্তরীণ বাজারে বিক্রয় বাধাগ্রস্ত হয়েছে। এছাড়া জাতীয় নির্বাচন এবং দীর্ঘ ঈদ ছুটির প্রভাবেও বাজারে পণ্যের চাহিদা অনেকটা কম ছিল।

সিঙ্গার বাংলাদেশ উল্লেখ করেছে, গ্রস প্রফিট মার্জিন স্থিতিশীল থাকলেও ক্রমবর্ধমান উৎপাদন ও পরিচালন ব্যয় পুরোপুরি সাধারণ ভোক্তার ওপর চাপিয়ে দেওয়া সম্ভব হয়নি। কারণ বর্তমান বাজারে ক্রেতারা পণ্যের দাম নিয়ে অত্যন্ত সংবেদনশীল। ফলে কোম্পানিটির অপারেটিং প্রফিট বা পরিচালন মুনাফা ৮.১ শতাংশ কমেছে। এর পেছনে দোকান ভাড়া, অবচয় (ডেপ্রিসিয়েশন) এবং বেতন বৃদ্ধিসহ অন্যান্য আনুষঙ্গিক ব্যয় বেড়ে যাওয়াকে বড় কারণ হিসেবে দেখছে কর্তৃপক্ষ।

প্রতিবেদনে আরও দেখা গেছে, কোম্পানিটির নিট ফিন্যান্স কস্ট বা আর্থিক ব্যয় ৪১.৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এর মূল কারণ হলো চলতি মূলধন এবং ব্যবসা সম্প্রসারণের জন্য নেওয়া স্বল্পমেয়াদী ঋণের বিপরীতে সুদ ব্যয় প্রায় ৫০ শতাংশ বেড়ে যাওয়া।

এছাড়া ইউরোর বিপরীতে বাংলাদেশি টাকার অবমূল্যায়নের ফলে আন্তঃকোম্পানি ঋণের ক্ষেত্রে বৈদেশিক মুদ্রার বিনিময়জনিত লোকসানও কোম্পানিটিকে বহন করতে হয়েছে।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে