ঢাকা, বুধবার, ২২ এপ্রিল ২০২৬

ধূমপান বন্ধে ঐতিহাসিক আইন

২০২৬ এপ্রিল ২২ ১০:৩০:২৪
ধূমপান বন্ধে ঐতিহাসিক আইন

নিজস্ব প্রতিবেদক: আগামী প্রজন্মকে ধূমপানের ক্ষতি থেকে রক্ষা করতে কঠোর পদক্ষেপ নিচ্ছে যুক্তরাজ্য। ২০০৮ সালের পর জন্ম নেওয়া নাগরিকদের কাছে সব ধরনের তামাকজাত পণ্য বিক্রি নিষিদ্ধ করতে যাচ্ছে দেশটি।

এ সংক্রান্ত ‘তামাক ও ভ্যাপস বিল’ ইতোমধ্যে যুক্তরাজ্যের পার্লামেন্টের উভয় কক্ষে পাস হয়েছে। আগামী সপ্তাহে রাজকীয় অনুমোদন পেলে এটি আইনে পরিণত হবে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, ২০০৯ সালের ১ জানুয়ারি বা তার পরে জন্মগ্রহণকারী কোনো ব্যক্তির কাছে আইনত তামাক বিক্রি করা যাবে না। এর মাধ্যমে ধীরে ধীরে একটি ‘ধূমপানমুক্ত প্রজন্ম’ গড়ে তোলার লক্ষ্য নিয়েছে সরকার।

২০২৪ সালের ৫ নভেম্বর উত্থাপিত এই বিলটি দীর্ঘ সংসদীয় প্রক্রিয়া শেষে হাউস অব কমন্স ও হাউস অব লর্ডস—উভয় কক্ষেই অনুমোদন পেয়েছে।

নীতিনির্ধারকরা আশা করছেন, এই উদ্যোগের ফলে ভবিষ্যতে তামাকজাত পণ্যের ব্যবহার উল্লেখযোগ্যভাবে কমে যাবে এবং আসক্তির চক্র ভেঙে পড়বে।

শুধু ইংল্যান্ডেই ধূমপানের কারণে প্রতি বছর প্রায় ৪ লাখ মানুষ হাসপাতালে ভর্তি হন এবং ৬৪ হাজার মানুষের মৃত্যু ঘটে। তামাকজনিত রোগ যেমন ক্যান্সার ও হৃদরোগের চিকিৎসায় দেশটির জাতীয় স্বাস্থ্যসেবা সংস্থা এনএইচএসের বছরে প্রায় ৩ বিলিয়ন পাউন্ড ব্যয় হয়।

এছাড়া উৎপাদনশীলতা হ্রাসসহ সামগ্রিক অর্থনৈতিক ক্ষতি বছরে ২১.৩ থেকে ২৭.৬ বিলিয়ন পাউন্ড পর্যন্ত পৌঁছায় বলে ধারণা করা হয়।

যুক্তরাজ্যের স্বাস্থ্য সচিব ওয়েস স্ট্রিটিং বলেন, “এটি দেশের জনস্বাস্থ্যের জন্য একটি ঐতিহাসিক পদক্ষেপ। ভবিষ্যৎ প্রজন্মকে আজীবনের আসক্তি ও ক্ষতি থেকে রক্ষা করতে এই আইন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে