ঢাকা, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

পরীক্ষার সময় কমিয়ে বড় সিদ্ধান্ত

২০২৬ এপ্রিল ১৮ ১৫:৪৬:২০
পরীক্ষার সময় কমিয়ে বড় সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা পাঁচ সপ্তাহের মধ্যে শেষ করার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। শনিবার (১৮ এপ্রিল) ড. আ ন ম এহছানুল হক মিলন-এর সভাপতিত্বে শিক্ষা বোর্ড চেয়ারম্যানদের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় উপস্থিত একাধিক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২ জুলাই থেকে সারা দেশে একযোগে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে। পরীক্ষার পূর্ণাঙ্গ রুটিন শিগগিরই প্রকাশ করা হবে এবং সেটি প্রকাশের পরই চূড়ান্ত অনুমোদন কার্যকর হবে।

গত বছর এই পরীক্ষা ২৬ জুন শুরু হয়ে ২১ আগস্ট পর্যন্ত চলে, যা প্রায় দুই মাস স্থায়ী ছিল। দীর্ঘ সময়ের এ প্রক্রিয়া কমিয়ে আনতেই এবার পরীক্ষার সময়কাল পাঁচ সপ্তাহে সীমিত রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।

সভায় পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় প্রস্তুতি নিতে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি পরীক্ষা চলাকালে কোচিং সেন্টার বন্ধ রাখা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব প্রতিরোধে কঠোর ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দেওয়া হয়েছে।

এবারের পরীক্ষায় নতুন একটি পরিবর্তন হচ্ছে—দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডসহ মোট ১১টি বোর্ডে প্রথমবারের মতো অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগে সাধারণ বোর্ডগুলোতে ভিন্ন ভিন্ন প্রশ্নে পরীক্ষা নেওয়া হলেও এবার তা একীভূত করা হচ্ছে।

এর আগে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ৭ জুন থেকে পরীক্ষা শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নিলেও তা পরিবর্তন করে নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে