ঢাকা, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

কেন অফিস সহায়ককে পুলিশে দিলেন অ্যাটর্নি জেনারেল

২০২৬ এপ্রিল ১৭ ০৭:৪৪:০১
কেন অফিস সহায়ককে পুলিশে দিলেন অ্যাটর্নি জেনারেল

নিজস্ব প্রতিবেদক: হাইকোর্টে গুরুত্বপূর্ণ রিট মামলার ফাইল সময়মতো না পৌঁছানোর মাধ্যমে রাষ্ট্রের স্বার্থ ক্ষুণ্ণ করার অভিযোগে মো. ইমরান হোসেন নামে এক অফিস সহায়ককে গ্রেপ্তার করা হয়েছে। ১৬ এপ্রিল (বৃহস্পতিবার) বিকেলে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস (কাজল) অভিযুক্ত ওই কর্মচারীকে সরাসরি শাহবাগ থানা পুলিশের হাতে তুলে দেন।

এই ঘটনায় সংশ্লিষ্ট দপ্তরের প্রশাসনিক কর্মকর্তা মো. নাসির উদ্দিন বাদী হয়ে শাহবাগ থানায় একটি ফৌজদারি মামলা দায়ের করেছেন। মামলার এজাহার অনুযায়ী, এনটিআরসিএ-এর প্রতিষ্ঠান প্রধান ও সহপ্রধান নিয়োগ পরীক্ষা স্থগিত সংক্রান্ত একটি অতি সংবেদনশীল রিট মামলার ফাইল আদালতে হাজির না করায় রাষ্ট্রপক্ষের ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) সরকারি বক্তব্য উপস্থাপনে ব্যর্থ হন। এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় দায়িত্বরত আইন কর্মকর্তারা চরম ক্ষোভ প্রকাশ করেন এবং অ্যাটর্নি জেনারেলের কাছে লিখিত অভিযোগ দেন।

বিষয়টির গুরুত্ব বিবেচনায় অ্যাটর্নি জেনারেল তৎক্ষণাৎ প্রাথমিক অনুসন্ধানের নির্দেশ দেন। তদন্তে দেখা যায়, অভিযুক্ত ইমরান হোসেন উদ্দেশ্যমূলকভাবে কোনো প্রলোভনে পড়ে বা কারসাজির মাধ্যমে ফাইলটি আদালতে পাঠাননি। প্রশাসনিক কর্মকর্তা সংশ্লিষ্ট কোর্টের অন্যান্য দায়িত্বশীল ব্যক্তি ও ডিএজি খন্দকার বাহার রুমির সঙ্গে আলাপ করে নিশ্চিত হন যে, ইমরানের এই কার্যক্রম রাষ্ট্রের স্বার্থবিরোধী এবং শৃঙ্খলা পরিপন্থী।

মামলার অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, অভিযুক্ত ব্যক্তি কোনো শক্তিশালী সংঘবদ্ধ চক্রের সদস্য হতে পারেন, যারা ব্যক্তিগত সুবিধা পাওয়ার জন্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ক্ষতি করতে দ্বিধা করে না। তার এই কর্মকাণ্ড 'সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা-২০১৮' অনুযায়ী গুরুতর অসদাচরণের অন্তর্ভুক্ত।

পুলিশ এখন খতিয়ে দেখছে যে, এই ঘটনার পেছনে আর কোনো ব্যক্তি বা প্রভাবশালী মহলের ইন্ধন রয়েছে কি না। নিয়মিত ফৌজদারি মামলার মাধ্যমে পুরো বিষয়টি তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার প্রক্রিয়া শুরু হয়েছে।

সিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে