ঢাকা, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
Sharenews24

গণভোট নিয়ে এবার যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

২০২৬ এপ্রিল ১২ ১৮:১৬:৫০
গণভোট নিয়ে এবার যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: সালাহউদ্দিন আহমদ বলেছেন, সংবিধানের ১৪২ অনুচ্ছেদ অনুযায়ী পরিচালিত গণভোট এবং সাধারণ নির্বাচন বা অন্যান্য ভোট এক বিষয় নয়। তিনি বলেন, এ দুই ধরনের ভোটের প্রকৃতি ও উদ্দেশ্য সম্পূর্ণ ভিন্ন।

রোববার (১২ এপ্রিল) বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ ব্যাখ্যা দেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংবিধানের ১৪২ অনুচ্ছেদ মূলত সাংবিধানিক কাঠামোর গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে গণভোটের বিধান দেয়। বিশেষ করে সংবিধানের প্রস্তাবনা, অনুচ্ছেদ ৮, ৪৮, ৫৬ ও ১৪২–এ সংশোধনী এলে রাষ্ট্রপতির অনুমোদনের আগে গণভোট আয়োজনের প্রয়োজন হতে পারে।

তিনি আরও বলেন, এই ধরনের গণভোটের প্রকৃতি সাধারণ নির্বাচনের ভোটের সঙ্গে তুলনীয় নয়।

তিনি জানান, গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে গণভোট আয়োজনের বিষয়টি আলোচনায় আসে। তখন আরপিও অনুযায়ী নির্বাচন কমিশন গণভোট পরিচালনা করে, তবে সেটি সংবিধানের ১৪২ অনুচ্ছেদের অধীন গণভোট নয়।

তিনি বলেন, জাতীয় ঐকমত্য কমিশনে গণভোটের প্রস্তাব তিনি নিজেই দিয়েছিলেন, যেখানে জুলাই জাতীয় সনদকে আইনি ভিত্তি দেওয়ার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভবিষ্যতে গণভোট আয়োজন করতে হলে হয় সংবিধানের ১৪২ অনুচ্ছেদ অনুসরণ করতে হবে, না হলে আলাদা আইন পাস করতে হবে।

তিনি আরও যোগ করেন, সংবিধানে এমন কোনো বাধা নেই যে সরকার প্রয়োজনে আলাদা আইন করে গণভোট আয়োজন করতে পারবে না।

বিশ্লেষকদের মতে, গণভোট ও সংবিধান সংশোধন সংক্রান্ত এ ধরনের ব্যাখ্যা ভবিষ্যতে রাজনৈতিক ও সাংবিধানিক আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে