ঢাকা, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
Sharenews24

নেতানিয়াহুর বিরুদ্ধে জনরোষ, দেশজুড়ে বিক্ষোভ

২০২৬ এপ্রিল ১২ ১৭:৩৩:৪৮
নেতানিয়াহুর বিরুদ্ধে জনরোষ, দেশজুড়ে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক: ইসরায়েলের তেল আবিব শহরে ইরান যুদ্ধ ও সরকারের নীতির বিরুদ্ধে বিক্ষোভে অংশ নিয়েছেন হাজার হাজার মানুষ। শনিবার (১১ এপ্রিল) অনুষ্ঠিত এ সমাবেশে আদালতের নির্ধারিত অংশগ্রহণসীমা অতিক্রম করা হয়।

টাইমস অব ইসরায়েল-এর প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সঙ্গে সংঘাত, দুর্নীতির অভিযোগ, বিচারব্যবস্থা সংস্কার এবং অতিরক্ষণশীল ধর্মীয় শিক্ষার্থীদের সামরিক সেবা থেকে অব্যাহতির প্রস্তাবের প্রতিবাদে টানা ষষ্ঠ সপ্তাহের মতো এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভের আয়োজক আলন লি গ্রিন জানান, শহরের হাবিমা স্কয়ারে প্রায় ১০ হাজার মানুষ জড়ো হয়। তবে হারেৎজ ও ওয়াইনেট-এর হিসাব অনুযায়ী অংশগ্রহণকারীর সংখ্যা ছিল প্রায় দুই হাজার, যা আদালতের নির্ধারিত সীমার দ্বিগুণ।

বিক্ষোভকারীরা ‘শান্তি, স্বাধীনতা ও সামাজিক ন্যায়বিচার’ স্লোগান দেন।

বিক্ষোভস্থলে ডানপন্থি নেতা মোরদেচাই ডেভিড-এর নেতৃত্বে কয়েকজন প্রবেশের চেষ্টা করলে আয়োজকরা বাধা দেন। পরে পুলিশ তাকে সরিয়ে দিলেও তিনি অন্য পথ দিয়ে প্রবেশ করেন। এ ঘটনায় তাকে এবং আরও একজনকে আটক করা হলেও প্রায় এক ঘণ্টা পর ছেড়ে দেওয়া হয়।

রাজধানী জেরুজালেম-এর প্যারিস স্কয়ারে শত শত মানুষ সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেন। সেখানে পুলিশ তিনজনকে আটক করলেও পরে জরিমানা করে ছেড়ে দেয়।

এছাড়া হাইফা শহরেও শতাধিক মানুষ বিক্ষোভে অংশ নেন, যদিও সেখানে অংশগ্রহণের সীমা নির্ধারণ করা হয়েছিল ১৫০ জন।

বিক্ষোভে আয়োজক আলন লি গ্রিন অভিযোগ করেন, সরকার একটি স্থায়ী জরুরি পরিস্থিতি তৈরি করছে, যা নাগরিকদের স্বাধীনতাকে সীমিত করছে।

অন্যদিকে, আরব সংখ্যাগরিষ্ঠ রাজনৈতিক দল হাদাশের নেতা আয়মান ওদেহ বলেন, বিরোধী দলগুলো সরকারের বিরুদ্ধে কার্যকর নৈতিক অবস্থান নিতে ব্যর্থ হয়েছে। তিনি শান্তির পক্ষে ইহুদি-আরব ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন।

বিশ্লেষকদের মতে, ইসরায়েলে চলমান রাজনৈতিক অস্থিরতা ও যুদ্ধ পরিস্থিতির কারণে জনমনে অসন্তোষ বাড়ছে, যা নিয়মিত বিক্ষোভের মাধ্যমে প্রকাশ পাচ্ছে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে