ঢাকা, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
Sharenews24

পার্সেল খুলতেই বের হলো কাফনের কাপড়

২০২৬ এপ্রিল ১২ ১৪:৫৭:০৪
পার্সেল খুলতেই বের হলো কাফনের কাপড়

নিজস্ব প্রতিবেদক: নাটোরের গুরুদাসপুরে রোজী মোজাম্মেল মহিলা কলেজের দুই শিক্ষককে পার্সেলের মাধ্যমে কাফনের কাপড় পাঠিয়ে হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে। রোববার (১২ এপ্রিল) দুপুরে কলেজ চলাকালীন সময়ে পার্সেল দুটি খোলার পর ভেতরে কাফনের কাপড় দেখতে পেয়ে শিক্ষকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাপড়গুলো জব্দ করে।

হুমকি পাওয়া শিক্ষকরা হলেন কলেজটির মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আনোয়ার হোসেন এবং ইসলাম শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক আব্দুস সামাদ। তারা জানান, এ ধরনের কোনো শত্রুতা বা বিরোধ সম্পর্কে তাদের জানা নেই। হঠাৎ এভাবে কাফনের কাপড় পাঠানোয় তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বিকেলে স্থানীয় পোস্ট অফিসের এক কর্মী ওই দুই শিক্ষকের নামে দুটি পার্সেল কলেজে পৌঁছে দেন। তবে রোববার কলেজে এসে শিক্ষকরা পার্সেল খুলে দেখেন, প্রতিটি প্যাকেটের ভেতরে চার খণ্ড করে নতুন কাফনের কাপড় ভাঁজ করে রাখা হয়েছে। বিষয়টি জানাজানি হলে কলেজজুড়ে উদ্বেগ সৃষ্টি হয় এবং তাৎক্ষণিকভাবে পুলিশে খবর দেওয়া হয়।

পার্সেলের গায়ে লেখা প্রেরকের তথ্য অনুযায়ী, একটি পার্সেলে লিখন হোসেন এবং অন্যটিতে জনি আহমেদের নাম উল্লেখ ছিল। উভয় ক্ষেত্রেই ঠিকানা হিসেবে সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার নাম দেওয়া হয়েছে। তবে এসব তথ্য কতটা সত্য, তা যাচাই করছে পুলিশ।

এ বিষয়ে কলেজের অধ্যক্ষ মাহতাব উদ্দিন বলেন, প্রতিষ্ঠানের শিক্ষকদের সঙ্গে এমন ঘটনা অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক। তিনি শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থল থেকে কাফনের কাপড় জব্দ করা হয়েছে এবং থানায় নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে পার্সেলের সূত্র সিরাজগঞ্জ জেলায় পাওয়া গেলেও পুরো বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে