ঢাকা, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
Sharenews24

বৈশ্বিক অস্থিরতার প্রভাবে মিশ্র সূচক, বাড়ল লেনদেন

২০২৬ এপ্রিল ১২ ১৪:৫৬:৩৯
বৈশ্বিক অস্থিরতার প্রভাবে মিশ্র সূচক, বাড়ল লেনদেন

নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১২ এপ্রিল) দেশের শেয়ারবাজারে সূচকের মিশ্র প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচকসহ দুইটি সূচক ঊর্ধ্বমুখী থাকলেও একটি সূচক সামান্য কমেছে। তবে সার্বিকভাবে লেনদেনের পরিমাণ বৃদ্ধি এবং অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারদর বাড়ায় বাজারে ইতিবাচক ইঙ্গিত দেখছেন সংশ্লিষ্টরা।

বাজার বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক অঙ্গনে তিন দেশের পাল্টাপাল্টি হামলার কারণে তৈরি হওয়া অস্থিরতা শেয়ারবাজারেও প্রভাব ফেলছে। গত বুধবার যুদ্ধবিরতির খবরে সূচক ও লেনদেনে বড় ধরনের উত্থান দেখা গেলেও পরদিন লেবাননে হামলার ঘটনায় বাজারে নেতিবাচক প্রভাব পড়ে। বর্তমানে যুদ্ধ পরিস্থিতি নিরসনে আলোচনা চললেও স্থায়ী কোনো ইতিবাচক সিদ্ধান্ত না আসায় বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা বিরাজ করছে। এরই প্রভাবে সূচক ওঠানামা করলেও লেনদেন বৃদ্ধি পাওয়া বাজারের জন্য আশাব্যঞ্জক হিসেবে বিবেচিত হচ্ছে।

দিনশেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৩ দশমিক ৬৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ২৭১ দশমিক ৪০ পয়েন্টে। অন্যদিকে ডিএসইএস সূচক ২ দশমিক ০৯ পয়েন্ট কমে ১ হাজার ৬১ দশমিক ০৭ পয়েন্টে নেমেছে। তবে ডিএসই-৩০ সূচক সামান্য ০ দশমিক ১৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২ দশমিক ৩৫ পয়েন্টে।

এদিন ডিএসইতে মোট ৩৯৯টি কোম্পানি লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১৮৮টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে, বিপরীতে ১৪৫টির দর কমেছে এবং ৬৬টির দর অপরিবর্তিত রয়েছে।

লেনদেনের পরিমাণের দিক থেকে ডিএসইতে মোট প্রায় ৮৩৭ কোটি ১০ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। আগের কার্যদিবসে যা ছিল প্রায় ৭৭৬ কোটি ৮৬ লাখ টাকা। সে হিসাবে একদিনের ব্যবধানে লেনদেন বেড়েছে প্রায় ৬০ কোটি ২৪ লাখ টাকা।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এদিন প্রায় ৫৪ কোটি টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যেখানে আগের দিন লেনদেন হয়েছিল ১১০ কোটি ৫৭ লাখ টাকা।

সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ১৭৯টি প্রতিষ্ঠানের মধ্যে ৭৬টির দর বেড়েছে, ৭৮টির কমেছে এবং ২৫টির দর অপরিবর্তিত রয়েছে।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ০ দশমিক ৯৩ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৭৫৪ দশমিক ৬১ পয়েন্টে অবস্থান করছে, যা আগের কার্যদিবসে ৬৩ দশমিক ৪৫ পয়েন্ট কমেছিল।

আরিফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে