ঢাকা, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
Sharenews24

‘মুক্তিযোদ্ধাদের তালিকা’ থেকে জামায়াত বাদ চাইলেন শফিকুর রহমান

২০২৬ এপ্রিল ০৯ ১৮:৫৭:২৯
‘মুক্তিযোদ্ধাদের তালিকা’ থেকে জামায়াত বাদ চাইলেন শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক: জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন-২০২২ সংশোধনের সময় ‘বীর মুক্তিযোদ্ধা’ সংজ্ঞা থেকে জামায়াতে ইসলামীর নাম বাদ দেওয়ার দাবি জানিয়েছেন ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (৯ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে ‘জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (সংশোধন) বিল, ২০২৬’ নিয়ে আলোচনার সময় তিনি এ দাবি উত্থাপন করেন।

বর্তমান আইনে ‘বীর মুক্তিযোদ্ধা’ বলতে বোঝানো হয়েছে—যারা ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার লক্ষ্যে পাকিস্তানি বাহিনী ও তাদের এদেশীয় সহযোগী যেমন রাজাকার, আল-বদর, আল-শামস, তৎকালীন মুসলিম লীগ, জামায়াতে ইসলামী, নেজামে ইসলামসহ বিভিন্ন গোষ্ঠীর বিরুদ্ধে সক্রিয়ভাবে যুদ্ধে অংশ নিয়েছেন।

এই সংজ্ঞার বিরোধিতা করে শফিকুর রহমান বলেন, স্বাধীনতার পরবর্তী সময়ে কোনো সরকারই মুক্তিযোদ্ধার সংজ্ঞায় এসব রাজনৈতিক দলের নাম অন্তর্ভুক্ত করেনি। তিনি দাবি করেন, পরে এ সংজ্ঞায় পরিবর্তন এনে এসব সংগঠনের নাম যুক্ত করা হয়েছে।

তিনি আরও বলেন, ১৯৭১ সালের ঘটনাপ্রবাহে কার কী ভূমিকা ছিল, তার পূর্ণাঙ্গ বিচার একমাত্র আল্লাহই জানেন। বর্তমান প্রেক্ষাপটে তিনি চান, দেশের সব রাজনৈতিক দল জনগণের প্রতি দায়বদ্ধতা ও দেশপ্রেম নিয়ে রাজনীতি করুক।

বিরোধীদলীয় নেতার বক্তব্যের পর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ জানান, এ বিলের বিষয়ে অন্য একটি রাজনৈতিক দল এনসিপি কোনো আপত্তি জানায়নি এবং তারা লিখিতভাবে মতামত দিয়েছে।

মুক্তিযুদ্ধের ইতিহাস ও সংশ্লিষ্ট সংগঠনগুলোর ভূমিকা নিয়ে এ ধরনের মন্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্ক সৃষ্টি করতে পারে। বিষয়টি আইন সংশোধন প্রক্রিয়ার অংশ হিসেবে আরও আলোচনার সুযোগ তৈরি করেছে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে