ঢাকা, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
Sharenews24

যুদ্ধবিরতির স্বস্তিতে চাঙ্গা শেয়ারবাজার, সূচক-লেনদেনে বড় উত্থান

২০২৬ এপ্রিল ০৮ ১৫:১৩:৫৬
যুদ্ধবিরতির স্বস্তিতে চাঙ্গা শেয়ারবাজার, সূচক-লেনদেনে বড় উত্থান

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্র, ইসরাইল ও ইরানের মধ্যে সংঘাত শুরুর পর বিশ্ব অর্থনীতির পাশাপাশি শেয়ারবাজারেও নেতিবাচক প্রভাব দেখা দিয়েছিল। তবে সাম্প্রতিক যুদ্ধবিরতির ঘোষণায় সেই পরিস্থিতি থেকে স্বস্তি ফিরে এসেছে বিশ্বজুড়ে। এর ইতিবাচক প্রভাব পড়েছে দেশের পুঁজিবাজারেও, যেখানে সূচক ও লেনদেনে উল্লেখযোগ্য উত্থান লক্ষ্য করা গেছে। একই সঙ্গে অধিকাংশ কোম্পানির শেয়ারের দরও বেড়েছে।

বাজার সংশ্লিষ্টদের মতে, যে কোনো অস্থিরতা বা নেতিবাচক পরিস্থিতি শেয়ারবাজারে পতনের কারণ হয়ে দাঁড়ায়। তিন দেশের চলমান সংঘাতের কারণেই এমন চাপ তৈরি হয়েছিল। তবে যুদ্ধবিরতির সিদ্ধান্তে বিনিয়োগকারীদের আস্থার পুনরুদ্ধার হয়েছে, যার ফলে বাজারে ইতিবাচক প্রবণতা ফিরে এসেছে। তারা মনে করছেন, এই পরিস্থিতিতে বিনিয়োগের ক্ষেত্রে ভালো মৌলভিত্তিসম্পন্ন শেয়ার বেছে নেওয়াই হবে বিচক্ষণ সিদ্ধান্ত।

বাজার বিশ্লেষণে দেখা যায়, বুধবার সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৬১ দশমিক ০৮ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩১৭ দশমিক ৯৬ পয়েন্টে অবস্থান করছে। এদিন ডিএসইএস সূচক ৩০ দশমিক ১৬ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ১ হাজার ৭৫ দশমিক ৯৭ পয়েন্টে পৌঁছেছে এবং ডিএসই-৩০ সূচক ৫৪ দশমিক ৬৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২৬ দশমিক ০৬ পয়েন্টে।

এদিন ডিএসইতে মোট ৩৯৩টি কোম্পানি লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ৩৬৭টির শেয়ারদর বেড়েছে, ১৫টির কমেছে এবং ১১টির দর অপরিবর্তিত রয়েছে।

লেনদেনের পরিমাণও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ডিএসইতে মোট ৯৯১ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের ৫৯৭ কোটি ১ লাখ টাকার তুলনায় প্রায় ৩৯৪ কোটি ৫৮ লাখ টাকা বেশি।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ৩১ কোটি ২৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের দিনের ২৬ কোটি ৬৩ লাখ টাকার তুলনায় বেশি। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২০২টি প্রতিষ্ঠানের মধ্যে ১৭৬টির দর বেড়েছে, ১৮টির কমেছে এবং ৮টির দর অপরিবর্তিত রয়েছে।

সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩২৮ দশমিক ২৯ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ১৪ হাজার ৮১৮ দশমিক ০৬ পয়েন্টে দাঁড়িয়েছে, যেখানে আগের কার্যদিবসে সূচক বেড়েছিল মাত্র ৮ দশমিক ৩৯ পয়েন্ট।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে