ঢাকা, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
Sharenews24

সূচক কমলেও স্থিতিশীল বাজারের আভাস

২০২৬ এপ্রিল ০২ ১৪:৫৯:০৯
সূচক কমলেও স্থিতিশীল বাজারের আভাস

নিজস্ব প্রতিবেদক: টানা তিন দিনের পতনের পর গতকাল শেয়ারবাজারে উত্থান দেখা গেলেও বৃহস্পতিবার (০২ এপ্রিল, ২০২৬) আবার সূচক নেমেছে। তবে বিনিয়োগকারীরা আতঙ্কিত না হয়ে শেয়ার ধরে রেখেছেন। ফলশ্রুতিতে সূচক কমার সঙ্গে সঙ্গে টাকার অংকে লেনদেনও কমেছে।

বাজার সংশ্লিষ্টরা মনে করেন, সূচকের ওঠানামা স্বাভাবিক এবং এটি বাজারের জন্য ইতিবাচক। কখনো একটানা উত্থান আবার কখনো পতন হওয়াটাই বাজারের স্বাভাবিক প্রবণতা। বর্তমানে ব্যাংক, বীমা ও আর্থিক খাতের ডিভিডেন্ড ঘোষণার মৌসুম চলছে। ইতোমধ্যে কিছু কোম্পানি লভ্যাংশ ঘোষণা করেছে, এবং সামনে আরও ঘোষণা আসার সম্ভাবনা রয়েছে। এ কারণে বিনিয়োগকারীরা ডিভিডেন্ড পাওয়ার প্রত্যাশায় শেয়ার ধরে রেখেছেন। বিশ্লেষকদের মতে, সূচক ওঠানামা করলেও বড় ধরনের ধসের আশঙ্কা নেই। তবে বিনিয়োগকারীদেরকে সতর্কতার সঙ্গে ভালো মৌলভিত্তির শেয়ারে বিনিয়োগ করতে হবে যাতে পুঁজি সুরক্ষিত থাকে।

ডিএসইতে সূচক ও লেনদেন

বাজার পর্যালোচনায় দেখা যায়, বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৫৩.০৫ পয়েন্ট কমে ৫ হাজার ২১৯.৭৩ পয়েন্টে নেমে এসেছে।

অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস ৫.৮৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৫৯.৫৭ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২১.২৮ পয়েন্ট কমে ১ হাজার ৯৮০.৩৫ পয়েন্টে অবস্থান করছে।

এদিন ডিএসইতে মোট ৩৯৪টি কোম্পানি লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ৬৫টির শেয়ারদর বেড়েছে, ৩০৬টির কমেছে এবং ২৩টির দর অপরিবর্তিত রয়েছে।

লেনদেনের দিক থেকেও পতন লক্ষ্য করা গেছে। দিনশেষে ডিএসইতে মোট লেনদেন হয়েছে প্রায় ৬২৫ কোটি ৯৯ লাখ টাকা, যা আগের দিনের ৭১৯ কোটি ৮৩ লাখ টাকার তুলনায় প্রায় ৯৩ কোটি ৮৪ লাখ টাকা কম।

সিএসইর চিত্র

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও একই প্রবণতা দেখা গেছে। এদিন সেখানে মোট ৯ কোটি ৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের দিনের ৪২ কোটি ৫১ লাখ টাকার তুলনায় উল্লেখযোগ্যভাবে কম।

সিএসইতে লেনদেন হওয়া ১৯১টি প্রতিষ্ঠানের মধ্যে ৬০টির দর বেড়েছে, ১১৫টির কমেছে এবং ১৬টির দর অপরিবর্তিত রয়েছে।

দিনশেষে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৮৩.৩৬ পয়েন্ট কমে ১৪ হাজার ৬৯৫.৮৭ পয়েন্টে নেমে এসেছে। আগের কার্যদিবসে এই সূচক ২০০.৪৯ পয়েন্ট বেড়েছিল।

সার্বিক মূল্যায়ন

সবমিলিয়ে, সূচক ও লেনদেনে পতন দেখা গেলেও বাজারে বড় ধরনের অস্থিরতা নেই বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ডিভিডেন্ড মৌসুমকে কেন্দ্র করে বিনিয়োগকারীদের অপেক্ষামূলক অবস্থানই বর্তমান বাজার পরিস্থিতির প্রধান বৈশিষ্ট্য।

আরিফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে