ঢাকা, বুধবার, ১ এপ্রিল ২০২৬
Sharenews24

ইলিয়াস আলী গুমের কারণ জানালেন সাবেক ডিজিএফআই প্রধান

২০২৬ এপ্রিল ০১ ১৫:০৩:৫৭
ইলিয়াস আলী গুমের কারণ জানালেন সাবেক ডিজিএফআই প্রধান

নিজস্ব প্রতিবেদক : বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী গুমের ঘটনায় মুখ খুলেছেন প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই)-এর সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদ।

রিমান্ডে জিজ্ঞাসাবাদে তিনি দাবি করেছেন, টিপাইমুখ বাঁধ এবং ভারতের সঙ্গে বাংলাদেশের ট্রানজিট ও ট্রান্সশিপমেন্ট চুক্তির বিরোধিতা করে আন্দোলনের ঘোষণা দেওয়ার কারণেই ইলিয়াস আলীকে গুম করা হয়।

তিনি আরও অভিযোগ করেন, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা-র নির্দেশে পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হয় এবং এতে আইনশৃঙ্খলা বাহিনীর একটি বিশেষ দল অংশ নেয়।

২০১২ সালের ১৭ এপ্রিল রাজধানীর বনানী এলাকা থেকে ব্যক্তিগত গাড়িচালকসহ নিখোঁজ হন ইলিয়াস আলী। সে সময় ডিজিএফআই প্রধান হিসেবে দায়িত্বে ছিলেন শেখ মামুন খালেদ।

বর্তমানে একটি হত্যা মামলায় গ্রেফতার হয়ে রিমান্ডে রয়েছেন তিনি। তাকে জিজ্ঞাসাবাদ করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। জিজ্ঞাসাবাদে তিনি এক-এগারো পরবর্তী সময়ের বিভিন্ন বিতর্কিত বিষয় নিয়েও তথ্য দিচ্ছেন বলে জানা গেছে।

জিজ্ঞাসাবাদের শুরুতে নিজেকে নির্দোষ দাবি করলেও পরে তিনি স্বীকার করেন, গুমের ঘটনায় ডিজিএফআইয়ের কিছু কর্মকর্তা প্রযুক্তিগত সহায়তা দিয়েছিলেন এবং আরও কয়েকজন আগে থেকেই বিষয়টি সম্পর্কে অবগত ছিলেন।

গোয়েন্দা সূত্রের দাবি, তৎকালীন ডিজিএফআই প্রধান হিসেবে শেখ মামুন খালেদের নির্দেশনায় পুরো অভিযান পরিচালিত হয় এবং এতে ডিজিএফআই ও র‍্যাবের একটি দল অংশ নেয়।

এছাড়া সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-কে ঢাকা সেনানিবাসের বাসা থেকে উচ্ছেদের ঘটনাসহ আরও কিছু সংবেদনশীল বিষয়ে তদন্তকারীদের কাছে তথ্য দিয়েছেন তিনি।

মামলার তদন্ত কর্মকর্তা প্রথম দফায় ৫ দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করে পুনরায় রিমান্ডের আবেদন করলে আদালত ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এদিকে এক-এগারো সময়কার বিতর্কিত ভূমিকার অভিযোগে ডিজিএফআইয়ের সাবেক কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল (অব.) মো. আফজাল নাছেরকেও গ্রেফতার করা হয়েছে এবং তাকেও রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম জানিয়েছেন, গ্রেফতার সাবেক সেনা কর্মকর্তাদের দেওয়া তথ্য যাচাই-বাছাই চলছে এবং সেখান থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাচ্ছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে