ঢাকা, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
Sharenews24

রাতে বন্ধ হতে পারে পেট্রোল-অকটেন বিক্রি

২০২৬ মার্চ ৩১ ১৫:৫৫:২৮
রাতে বন্ধ হতে পারে পেট্রোল-অকটেন বিক্রি

নিজস্ব প্রতিবেদক : রাজধানীসহ সারা দেশে জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে রাতের বেলায় পেট্রোল ও অকটেন বিক্রি বন্ধ রাখার প্রস্তাব দিয়েছেন পেট্রোল পাম্প মালিকরা। তারা বলছেন, সাম্প্রতিক সময়ে নিরাপত্তাহীনতা, অতিরিক্ত ভিড় এবং বিশৃঙ্খলার কারণে এই পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) রাজধানীর মগবাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন এ প্রস্তাব তুলে ধরে। সংগঠনটির নেতারা জানান, জ্বালানি তেলের চাহিদা হঠাৎ বেড়ে যাওয়ায় পাম্পগুলোতে অস্বাভাবিক চাপ তৈরি হয়েছে। অনেক ক্ষেত্রে স্বাভাবিক সময়ের তুলনায় কয়েকগুণ বেশি তেল বিক্রি করতে হচ্ছে, যা সরবরাহ ব্যবস্থাকে বিপর্যস্ত করে তুলছে।

তারা আরও বলেন, বিশেষ করে রাতের বেলায় কিছু অসাধু ও উচ্ছৃঙ্খল ব্যক্তির আনাগোনা বেড়ে যাওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ছে। অনেক সময় সংঘবদ্ধভাবে এসে জোরপূর্বক তেল নেওয়ার চেষ্টা, পাম্প খোলা রাখতে চাপ সৃষ্টি এবং নিরাপত্তা বিঘ্নিত করার ঘটনাও ঘটছে বলে অভিযোগ করেন পাম্প মালিকরা।

এই পরিস্থিতিতে তারা পেট্রোল ও অকটেন বিক্রির সময় সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত নির্ধারণের প্রস্তাব দিয়েছেন। তবে ডিজেল সরবরাহ চালু রাখার কথা জানিয়েছেন তারা, যাতে গণপরিবহন ও পণ্য পরিবহনে কোনো ধরনের বিঘ্ন না ঘটে।

সংবাদ সম্মেলনে পাম্প মালিকরা আরও কিছু দাবি উত্থাপন করেন। এর মধ্যে রয়েছে—পাম্পে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা, সরকারি তদারকি বা মনিটরিং জোরদার করা এবং ট্যাংক লরির মাধ্যমে পূর্ণ ধারণক্ষমতা অনুযায়ী জ্বালানি সরবরাহ নিশ্চিত করা।

পাম্প মালিকদের মতে, নির্দিষ্ট সময়ের মধ্যে পেট্রোল ও অকটেন বিক্রি সীমাবদ্ধ করা হলে পাম্পগুলোতে শৃঙ্খলা বজায় রাখা সহজ হবে এবং নিরাপত্তা ঝুঁকিও অনেকাংশে কমে আসবে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে