ঢাকা, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
Sharenews24

পদ্মা নদীতে ডুবে যাওয়া বাসচালকের লা/শ উদ্ধার

২০২৬ মার্চ ২৬ ১০:১১:০৯
পদ্মা নদীতে ডুবে যাওয়া বাসচালকের লা/শ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মা নদীতে যাত্রীবাহী সৌহার্দ্য পরিবহণের বাস ডুবে যাওয়ার ঘটনায় চালক আরমান খানের (৩১) মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিহত আরমান খান রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার পশ্চিমখালখোলা গ্রামের বাসিন্দা এবং আরব খানের ছেলে।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুজব—চালক নেমে যাওয়ার পর হেলপার বাস চালাচ্ছিলেন—তা সঠিক নয়। দুর্ঘটনার সময় বাসটি আরমান নিজেই চালাচ্ছিলেন বলে তারা দাবি করেন।

সৌহার্দ্য পরিবহণের এক স্টাফ (নাম প্রকাশে অনিচ্ছুক) জানান, দুর্ঘটনার সময় আরমানই বাসটির চালক ছিলেন এবং তার বৈধ ড্রাইভিং লাইসেন্স ছিল।

এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৩ জনে দাঁড়িয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার তাপস কুমার পাল জানান, নিহতদের মধ্যে ১১ জন নারী, ৪ জন পুরুষ এবং ৮ জন শিশু রয়েছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, রাজবাড়ী সদর হাসপাতাল থেকে ১৬টি মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে এবং আরও ৫টি হস্তান্তরের প্রক্রিয়ায় রয়েছে। এছাড়া গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ২টি মরদেহ হস্তান্তর করা হয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জানায়, বাসটি নদীর প্রায় ৮০ থেকে ৯০ ফুট গভীরে তলিয়ে গিয়ে একপর্যায়ে পন্টুনের নিচে আটকে পড়ে। উদ্ধারকারী জাহাজের সহায়তায় পরে বাসটি পানির ওপর তোলা হয়।

বাসটিতে প্রায় ৫০ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে। দুর্ঘটনার সময় তাৎক্ষণিকভাবে অন্তত ১১ জন যাত্রী সাঁতরে বা অন্যভাবে বের হয়ে আসতে সক্ষম হন।ঘটনার পরপরই বাসটি উদ্ধারে ব্যাপক অভিযান শুরু করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে