ঢাকা, সোমবার, ৯ মার্চ ২০২৬
Sharenews24

টানা দরপতনের পর ঘুরে দাঁড়াল শেয়ারবাজার

২০২৬ মার্চ ০৯ ১৪:১৭:২০
টানা দরপতনের পর ঘুরে দাঁড়াল শেয়ারবাজার

নিজস্ব প্রতিবেদক: তিন দেশের হামলা-পাল্টা হামলা এবং আসন্ন ঈদকে কেন্দ্র করে শেয়ার বিক্রির চাপের কারণে টানা দরপতনের যে প্রবণতা তৈরি হয়েছিল, তা কাটিয়ে আবারও উত্থানে ফিরেছে দেশের শেয়ারবাজার। সোমবার (৯ মার্চ ২০২৬) দেশের উভয় শেয়ারবাজারেই সূচকের উল্লেখযোগ্য উত্থান দেখা গেছে।

তবে এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টাকার অংকে লেনদেন কিছুটা কমলেও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেন বেড়েছে। দিনের শুরু থেকেই সূচকের ঊর্ধ্বমুখী ধারা দেখা যায়, যা শেষ পর্যন্ত অব্যাহত ছিল।

বাজার সংশ্লিষ্টদের মতে, সাম্প্রতিক নেতিবাচক পরিস্থিতির পর বাজারের এভাবে ঘুরে দাঁড়ানো একটি ইতিবাচক সংকেত। এর ফলে বিনিয়োগকারীদের মধ্যে যে আতঙ্ক তৈরি হয়েছিল তা অনেকটাই কমে আসবে। তারা আশা করছেন, এ ধারা অব্যাহত থাকলে আগামী দিনগুলোতে বাজার আবারও স্থিতিশীল অবস্থায় ফিরে আসবে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই)প্রধান সূচক ডিএসইএক্স ১৩২ দশমিক ৪১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ১৪১ দশমিক ৪১ পয়েন্টে। এদিন অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস ২১ দশমিক ৬৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৫ দশমিক ১৩ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৫৫ দশমিক ৮৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৭৫ দশমিক ৮৬ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে এদিন মোট ৩৮৮টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ৩৫১টির শেয়ারদর বেড়েছে, ১৭টির দর কমেছে এবং ২০টির দর অপরিবর্তিত রয়েছে।

লেনদেনের দিক থেকে এদিন ডিএসইতে প্রায় ৪১৬ কোটি ৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল প্রায় ৫২৮ কোটি ৬৭ লাখ টাকা। অর্থাৎ এক দিনের ব্যবধানে লেনদেন প্রায় ১১৫ কোটি ৮৪ লাখ টাকা কমেছে।

অন্যদিকে, চট্টগ্রাম এক্সচেঞ্জে আজ ৪৮ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন এ বাজারে ১৬ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।

এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৩৮টি প্রতিষ্ঠানের মধ্যে ৬৬টির শেয়ার ও ইউনিট দর বেড়েছে, ৫৫টির দর কমেছে এবং ১৭টির দর অপরিবর্তিত রয়েছে।

সূচকের দিক থেকে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৮১ দশমিক ৮৬ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৫০৭ দশমিক ১১ পয়েন্টে অবস্থান করছে। আগের কার্যদিবসে এ সূচক ৪৯৬ দশমিক ৬২ পয়েন্ট কমেছিল।

বাজার বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক দরপতনের পর সূচকের এই শক্তিশালী প্রত্যাবর্তন বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে সহায়ক হতে পারে।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে