ঢাকা, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

উদ্যোক্তার ঋণ বন্ডে: লাভের টাকায় সুইজারল্যান্ডে সফর!

২০২৬ ফেব্রুয়ারি ২৭ ১৮:৫৯:৩১
উদ্যোক্তার ঋণ বন্ডে: লাভের টাকায় সুইজারল্যান্ডে সফর!

নিজস্ব প্রতিবেদক: ক্ষুদ্র ও মাঝারি শিল্পে (এসএমই)) অর্থায়নের জন্য গঠিত বাংলাদেশ ব্যাংকের একটি প্রকল্পের অর্থ শিল্পে ব্যয় না করে সরকারি ট্রেজারি বন্ডে বিনিয়োগ করার অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, সেই বিনিয়োগ থেকে অর্জিত মুনাফার একটি অংশ দিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সুইজারল্যান্ডে প্রমোদ ভ্রমণের একটি প্রস্তাবও অনুমোদন করা হয়েছে।

প্রকল্পটি হলো ‘সেকেন্ড স্মল অ্যান্ড মিডিয়াম-সাইজড এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট প্রজেক্ট’, যা বাংলাদেশ সরকার এবং এশীয় উন্নয়ন ব্যাংকের যৌথ অর্থায়নে পরিচালিত একটি রিফাইন্যান্সিং স্কিম। এর মূল লক্ষ্য ছিল গ্রামীণ ও শহরের ক্ষুদ্র উদ্যোক্তাদের স্বল্প সুদে ঋণ দিয়ে ২০৩০ সালের মধ্যে ১৫ হাজার কর্মসংস্থান সৃষ্টি করা।

তদন্তে দেখা গেছে, প্রকল্পের অর্থ বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে ক্ষুদ্র উদ্যোক্তাদের মাঝে বিলিয়ে দেওয়ার কথা থাকলেও, সেই টাকা অলস ফেলে রেখে ট্রেজারি বন্ডে বিনিয়োগ করা হয়। এতে বিপুল পরিমাণ মুনাফা অর্জিত হলেও প্রকল্পের মূল উদ্দেশ্য ব্যাহত হয়েছে। এই মুনাফার মধ্য থেকে প্রায় ২৬ কোটি ৭৬ লাখ টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হলেও ১০ কোটি টাকা বাংলাদেশ ব্যাংকের একটি অ্যাকাউন্টে রেখে দেওয়া হয়।

বাংলাদেশ ব্যাংকের অভ্যন্তরীণ অডিট বিভাগের পরামর্শে করা এই বিনিয়োগের ‘পুরস্কার’ হিসেবে কর্মকর্তাদের সুইজারল্যান্ড সফরের প্রস্তাব দেন তৎকালীন গভর্নর ড. আহসান এইচ মনসুর। ‘গ্লোবাল বেঞ্চমার্কিং ভিজিট’ ব্যানারতলে এই বিদেশ সফরের জন্য গত ৯ ফেব্রুয়ারি অর্থ বিভাগে প্রজ্ঞাপন জারির আবেদনও করা হয়। তবে বর্তমানে সুইজারল্যান্ড দূতাবাসে ভিসার অ্যাপয়েন্টমেন্ট না পাওয়ায় এই সফর নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

এ বিষয়ে ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর মুনিরা ইসলাম জানান, অলস পড়ে থাকা তহবিল থেকে লাভ করায় কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধির জন্য এই সফরের অনুমোদন দেওয়া হয়েছে, এতে সরকারের সরাসরি কোনো ব্যয় নেই। তবে বিশ্লেষকরা বলছেন, দেশের বর্তমান অর্থনৈতিক সংকট এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভের টানাপোড়েনের মধ্যে এ ধরনের বিদেশ ভ্রমণ অর্থ মন্ত্রণালয়ের জারি করা কৃচ্ছ্রসাধন নীতির পরিপন্থী।

উল্লেখ্য যে, গত ২৫ জুলাই অর্থ বিভাগ এক বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকল্প মুনাফা বা উন্নয়ন বরাদ্দের টাকায় বিদেশ ভ্রমণ, সেমিনার ও কর্মশালা আয়োজনের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছিল।

প্রকল্পের মূল লক্ষ্য বিসর্জন দিয়ে বিনিয়োগের মুনাফায় প্রমোদ ভ্রমণের এই আয়োজন এখন বড় ধরনের বিতর্কের জন্ম দিয়েছে।

মিজান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে