ঢাকা, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

দায়িত্ব পেয়েই ৯ কর্মসূচি ক্রীড়া প্রতিমন্ত্রীর

২০২৬ ফেব্রুয়ারি ১৯ ১০:৩৫:০৬
দায়িত্ব পেয়েই ৯ কর্মসূচি ক্রীড়া প্রতিমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় আমিনুল হক। দায়িত্ব গ্রহণের পর গতকাল সচিবালয়ে প্রথম কর্মদিবসে তিনি আনুষ্ঠানিকভাবে নয়টি কর্মসূচি ঘোষণা করেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এসব কর্মসূচি বাস্তবায়নে ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন প্রতিষ্ঠানকে দায়িত্ব বণ্টন করা হয়েছে।

প্রধান কর্মসূচিগুলো

খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা, জাতীয় শিক্ষাক্রমে বাধ্যতামূলক ক্রীড়া শিক্ষা চালু এবং দেশের ৬৪ জেলায় ইনডোর সুবিধাসম্পন্ন স্পোর্টস ভিলেজ নির্মাণসহ মোট নয়টি উদ্যোগ হাতে নেওয়া হয়েছে।

ফুটবল ও ক্রিকেটের বাইরে অন্যান্য খেলোয়াড়দের সুযোগ-সুবিধা বাড়াতে জাতীয় দলের সব খেলোয়াড়কে বেতনের আওতায় আনার পরিকল্পনার কথাও জানান প্রতিমন্ত্রী। পাশাপাশি খেলাকে পেশা হিসেবে স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

বাস্তবায়নকারী প্রতিষ্ঠান

এই লক্ষ্য বাস্তবায়নে কাজ করবে ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া অনুবিভাগ-১ ও ২, জাতীয় ক্রীড়া পরিষদ এবং বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)। চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করার বিষয়টিও এই তিন প্রতিষ্ঠান যৌথভাবে তদারকি করবে।

‘নতুন ক্রীড়া স্পোর্টস’ কর্মসূচির আওতায় ১২ থেকে ১৪ বছর বয়সী সম্ভাবনাময় ক্রীড়া শিক্ষার্থীদের বৃত্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।

তৃণমূল পর্যায়ে ক্রীড়া অবকাঠামো জোরদারে উপজেলা পর্যায়ে ক্রীড়া অফিস স্থাপন ও কর্মকর্তা নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে, যা ক্রীড়া পরিদপ্তরের অধীনে পরিচালিত হবে।

অবকাঠামো ও অন্তর্ভুক্তিমূলক ক্রীড়া উন্নয়ন

অবকাঠামো উন্নয়নের অংশ হিসেবে দেশের ৬৪ জেলায় ইনডোর সুবিধাসম্পন্ন স্পোর্টস ভিলেজ নির্মাণ করবে বিকেএসপি।

এছাড়া সকল মহানগর ও গ্রামীণ এলাকায় খেলার মাঠ স্থাপন ও উন্নয়ন কার্যক্রম জাতীয় ক্রীড়া পরিষদের আওতায় বাস্তবায়িত হবে।

বিশেষ চাহিদাসম্পন্ন ও সুবিধাবঞ্চিতদের জন্য দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খেলাধুলার সুযোগ নিশ্চিত করতে বিকেএসপি ও ক্রীড়া পরিদপ্তর যৌথভাবে কাজ করবে।

দেশে ক্রীড়া সরঞ্জাম শিল্প স্থাপনের দায়িত্ব দেওয়া হয়েছে মন্ত্রণালয় ও ক্রীড়া পরিদপ্তরকে। পাশাপাশি বিভিন্ন ব্যাংক ও কর্পোরেট সংস্থাকে খেলাধুলায় পৃষ্ঠপোষকতায় সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হবে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে